ঢাকা, অক্টোবর ২৮(বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বিএনপির মহাসচিব খোন্দকারের দেলোয়ার হোসেনের বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন সংস্কারপন্থী নেতা আশরাফ হোসেন।
তিনি বলেছেন, "আমরা তো বিএনপিতেই আছি, ফিরবো কোথায়! এখানে ভুল বোঝাবুঝির অবকাশ নেই। আমরাই প্রকৃত বিএনপি করছি। দলকে শক্তিশালী ও নির্বাচনমুখী করতে আমরা ঐক্য চাই।''
শনিবার দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মনোনীত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন সাংবাদিকদের জানিয়েছিলেন, আবদুল মান্নান ভূঁইয়াসহ সংস্কারপন্থীদের সবাই দলে ফিরে আসার পথ খুঁজছে, প্রস্তাব দিয়েছে। এ বিষয়ে সাংবাদিকরা আশরাফ হোসেনকে প্রশ্ন করলে তিনি তার (দেলোয়ারের) বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করে এ কথা বলেন।
রোববার দুপুরে সংস্কারপন্থী নেতা আবদুল মান্নান ভূঁইয়ার সঙ্গে তার গুলশানের বাসায় সাক্ষাতের পর তিনি আরও বলেন, ''বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল। এখানে মতের পার্থক্য থাকতে পারে। আমরা মনেকরি বিএনপি একটিই দল। এখানে কোনো বিভক্তি নেই। দলে গণতন্ত্র চর্চা হবে, না একনায়কতন্ত্র থাকবে- এ নিয়ে আমাদের মধ্যে মতের ভিন্নতা রয়েছে।''
সংস্কারপন্থী এ নেতা পরিষ্কারভাবে বলেন,''আমরা দলে অধিকতর গণতন্ত্র চর্চার লক্ষে কিছু সংস্কার প্রস্তাব দিয়েছি। এই প্রস্তাবগুলোর পক্ষে সারা দেশে নেতা-কর্মীদের ব্যাপক সমর্থন রয়েছে। আর দলে গণতন্ত্র প্রতিষ্ঠা না করা গেলে সংগঠন দুর্বল হয়ে পড়বে।"
এক প্রশ্নের জবাবে আশরাফ বলেন, "তাদের সঙ্গে অনেক নেতা রয়েছে। অনেকে চলে গেছেন-এটা ঠিক নয়।"
ভয়ভীতি দেখিয়ে নেতাদের সংস্কারপন্থীর সঙ্গে ভিড়ানো হয়েছে বলে খোন্দকার দেলোয়ার হোসেনের বক্তব্য খণ্ডন করে তিনি বলেন, "ভয়ভীতির রাজনীতি আমরা করি না। যারা একক নেতৃত্বের পক্ষে তারাই নেতা-কর্মীদের ভয়ভীতি প্রদর্শন করে রাজনীতির অঙ্গনকে ঘোলাটে করতে চায়।"
আশরাফ জানান, দলে গণতন্ত্র চর্চার লক্ষে আগামী কাউন্সিলে নির্বাচনের মাধ্যমে নেতৃত্ব প্রতিষ্ঠা করা হবে। একক নেতৃত্বের বদলে যৌথ নেতৃত্বে দল পরিচালনা করা গেলে দল ও দেশের কল্যাণ হবে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/এমএ/১৪৪২ ঘ.
bdnews24