ঢাকা, অক্টোবর ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- পুলিশি বাধায় সিলেটে ঢুকতে না পেরে ফিরে গেলেন বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। পুলিশ বলছে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি ব্যাহত হওয়ার আশঙ্কা থেকেই খোন্দকার দেলোয়ারকে সিলেট ঢুকতে দেয়া হয়নি। তবে বিএনপি নেতাদের দাবি, বিএনপির অগ্রযাত্রা রুখতে উদ্দেশ্যমূলকভাবেই এ বাধা দেয়া হয়েছে।
হজরত শাহ জালাল ও শাহ পরানের মাজার জিয়ারতে শুক্রবার সড়ক পথে ঢাকা থেকে সিলেট রওনা হন বিএনপি মহাসচিব। বেলা ১১টা ৪৫ মিনিটে সিলেট শহরের প্রবেশমুখ দক্ষিণ সুরমা থানার লালাবাজারের কাছে তার গাড়ি বহর আটকে দেয় পুলিশ। তখন স্থানীয় একটি মসজিদে জুমার নামাজ পড়ে দুপুর ১টা ৫৫ মিনিটে পুনরায় ঢাকার উদ্দেশে রওনা হন দেলোয়ার হোসেন।
এ সফরে খোন্দকার দেলোয়ারের সঙ্গে ছিলেন তার দুই মেয়েসহ বিএনপির সাবেক সাংসদ সোহরাব হোসেন, ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক রিজভী আহমেদ প্রমুখ।
নামাজ শেষে খোন্দকার দেলোয়ার সাংবাদিকদের বলেন, "হজরত শাহজালাল ও শাহ পরানের এর মাজার জেয়ারত করতে না দিয়ে আমাকে ধর্মীয় অধিকার বঞ্চিত করা হয়েছে। একজন নাগরিক হিসেবে নিয়্যত করে মাজার জেয়ারতের জন্য বাসা থেকে বের হয়েছিলাম। এটা কোনা রাজনৈতিক কর্মসূচি ছিল না। এর বিচারের ভার আমি আল্লাহর কাছে ছেড়ে দিলাম।"
রিজভী আহমেদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "মহাসচিব সিলেটে হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত করতে সকালে সড়ক পথে সিলেট আসছিলেন। লালাবাজারের কাছে আমাদের গাড়ি পুলিশ আটকে দেয়। পুলিশের কাছে জানতে চাওয়া হয়েছিল, কেনো এই প্রতিবন্ধকতা। পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, 'কর্তৃপক্ষের নির্দেশ আছে'।"
তিনি বলেন, "এভাবে ধর্মীয় অনুষ্ঠানে যেতে বাধা দেওয়া কোনোভাবে মেনে নেওয়া যায় না। বিএনপিকে দূর্বল করতে সম্পূর্ণ উদ্দেশ্যমূলকভাবে এটা করা হয়েছে। বিএনপির অগ্রযাত্রা এভাবে রোখা যাবে না।"
দেলোয়ার হোসেনকে ঢুকতে না দেয়ার বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার নজরুল ইসলাম সাংবাদিকদের বলেন, "খোন্দকার দেলোয়ার হোসেন সিলেট শহরে ঢুকলে আইন-শৃঙ্খলা বিঘি
bdnews24