ঢাকা, অক্টোবর ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-নির্বাচন কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপে প্রতিনিধিদলের সদস্য সংখ্যা বাড়ানোর অনুরোধ জানিয়ে কমিশনের কাছে চিঠি দিয়েছে আওয়ামী লীগ।
বৃহস্পতিবার নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপ সংক্রান্ত দলীয় কমিটির বৈঠক শেষে কমিটির প্রধান তোফায়েল আহমেদ সাংবাদিকদের বলেন, "আমরা ইতিমধ্যে নির্বাচন কমিশনের কাছে সংলাপ প্রতিনিধিদলের সদস্যসংখ্যা বাড়ানোর জন্য চিঠি দিয়েছি।''
দলের সভাপতিমণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ বলেন, "নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপের বিষয়বস্তু নিয়ে আজ আলোচনা হয়েছে। নির্বাচন সংক্রান্ত ১৪ দলের সংস্কারের রূপরেখার ভিত্তিতে আমরা নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে বসব। তবে এর বাইরে আমাদের নিজেদেরও কিছু বলার থাকবে।"
বৃহস্পতিবার দুপুরে দলীয় সভানেত্রীর ধানমণ্ডির কার্যালয়ে সংলাপ কমিটির এই বৈঠক অনুষ্ঠিত হয়। গত ২২ অক্টোবর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তোফায়েল আহমেদকে চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামকে সদস্য সচিব করে ১৬ সদস্যের এই কমিটি গঠন করা হয়। গত বুধবার রাতে এই কমিটির সদস্য সংখ্যা ২১ জনে উন্নীত করা হয়।
প্রসঙ্গত, নির্বাচন কমিশন সংলাপের আমন্ত্রণে প্রতিনিধিদলে ১০ জন সদস্য রাখার অনুরোধ করেছে।
তোফায়েল আহমেদ বলেন, "দলের উপদেষ্টা আবুল মাল আব্দুল মুহিতকে একটি পূর্ণাঙ্গ খসড়া তৈরি করে আগামী ২৮ অক্টোবরের মূলতবি সভায় উপস্থাপনের দায়িত্ব দেওয়া হয়েছে।"
তিনি জানান, শেখ হাসিনা মুক্ত থাকার সময় তার সঙ্গে পরামর্শ করেই আবুল মাল আব্দুল মুহিত নির্বাচন কমিশন ও নির্বাচনী ব্যবস্থা সংস্কারে কিছু প্রস্তাব তৈরি করেছিলেন। সেগুলোই হবে আলোচনার মূল বিষয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জিএমএ/এমএআর/এসকে/১৬৫৪ঘ.
bdnews24