২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিচার বিভাগ আলাদা করাকে স্বাগত জানিয়েছে আওয়ামী লীগ

নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ আলাদা করাকে স্বাগত জানিয়েছে আওয়ামী লীগ। বিচার বিভাগ আলাদা করার উদ্যোগ আওয়ামী লীগই নিয়েছিলো দাবি করে দলটির সভাপতিমণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, "১ নভেম্বর বিচার বিভাগ পৃথক হচ্ছে; এ জন্য সরকারকে অভিনন্দন জানাই।" বুধবার ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) নেতাদের সঙ্গে বৈঠকের পর তোফায়েল সাংবাদিকদের এ প্রতিক্রিয়া জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2007, 08:39 AM

Updated : 26 Aug 2022, 08:49 PM

ঢাকা, অক্টোবর ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ আলাদা করাকে স্বাগত জানিয়েছে আওয়ামী লীগ। বিচার বিভাগ আলাদা করার উদ্যোগ আওয়ামী লীগই নিয়েছিলো দাবি করে দলটির সভাপতিমণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, "১ নভেম্বর বিচার বিভাগ পৃথক হচ্ছে; এ জন্য সরকারকে অভিনন্দন জানাই।" বুধবার ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) নেতাদের সঙ্গে বৈঠকের পর তোফায়েল সাংবাদিকদের এ প্রতিক্রিয়া জানান। নির্বাচনী সংস্কার নিয়ে নির্বাচন কমিশনে অভিন্ন প্রস্তাব দেওয়ার লক্ষ্যে ১৪ দলভুক্ত দলগুলোর সঙ্গে ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে ন্যাপের সঙ্গে আওয়ামী লীগের ওই বৈঠক হয়। ন্যাপ সভাপতি অধ্যাপক মোজাফফর আহমেদের সেগুন বাগিচার বাসায় অনুষ্ঠিত ওই বৈঠকে সিদ্ধান্ত হয়, ১৪ দল ঘোষিত রূপরেখাকে ভিত্তি ধরেই নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপের বসবেন তারা। নির্বাচন কমিশন সংলাপের জন্য ১৪ দলভুক্ত যে ছয়টি দলকে আমন্ত্রণ জানিয়েছে তার মধ্যে এ নিয়ে চারটি দলের সঙ্গে বৈঠক করলো আওয়ামী লীগ। আগামী ৩ অক্টোবর সাম্যবাদী দলের সঙ্গে আওয়ামী লীগের বৈঠকের কথা রয়েছে। ১৪ দলভুক্ত আওয়ামী লীগ, ওয়ার্কার্স পার্টি, জাসদ, ন্যাপ, সাম্যবাদী দল ও গণতন্ত্রী পার্টিকে সংলাপে আমন্ত্রণ জানিয়েছে নির্বাচন কমিশন। বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তোফায়েল আহমেদ বলেন, "বিচার বিভাগ স্বাধীন করার উদ্যোগ আওয়ামী লীগ সরকার গ্রহণ করেছিল। পর্যায়ক্রমে আগামী ১ নভেম্বর থেকে তা কার্যকর হচ্ছে। এজন্য বর্তমান সরকারকে অভিনন্দন জানাই। আমরা এর প্রশংসা করি। দেশের সব শ্রেণির মানুষ চায় বিচার বিভাগ স্বাধীন হোক।" এ বিষয়ে ন্যাপের সহ-সভাপতি আমিনা আহমেদ বলেন, "বিচার বিভাগ পৃথক হওয়ায় সবাই খুশি। কিন্তু সাধারণ মানুষ যেন সুবিচার পায় সে বিষয়টি দেখতে হবে। সাধারণ মানুষের ন্যায়বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করতে হবে।" বৈঠকের বিষয় নিয়ে আওয়ামী লীগ নেতা তোফায়েল বলেন, "১৪ দলভুক্ত দল হিসেবেই নয়, প্রবীণ রাজনীতিবিদ হিসেবে অধ্যাপক মোজাফফর আহমেদের কাছ থেকে বুদ্ধি-পরামর্শ নেয়াও ছিলো এখানে আসার উদ্দেশ্য।" তিনি বলেন, "১৪ দলীয় জোট গঠনের পর জাতীয় প্রেসক্লাবে আমাদের সভানেত্রী শেখ হাসিনা একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য একটি অভিন্ন রূপরেখা ঘোষণা করেছিলেন। সে রূপরেখাকে ভিত্তি করেই নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে বসার বিষয়ে আমরা একমত হয়েছি।" অধ্যাপক মোজাফফর আহমেদ বলেন, "নির্বাচনকে সুষ্ঠু করার জন্য ১৪ দলের পক্ষ থেকে একটি প্রস্তাব দেয়া হয়েছে, এটার ভিত্তিতেই সংলাপে কথা বলবো। আমরা যতক্ষণ ১৪ দলে আছি, ততক্ষণ জোটের সিদ্ধান্ত মেনে নেব।" তবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপের দীর্ঘসূত্রিতার সমালোচনা করেন প্রবীণ এ রাজনীতিবিদ। তিনি বলেন, "এভাবে সংলাপে ডাকাটাই তো ছেলেমি। আবার সে আলোচনায় তিন মাস লাগছে। এতে জনমনে সন্দেহ হয়। গণমাধ্যমগুলোতো বলছে, নির্বাচন প্রক্রিয়া দীর্ঘায়িত করার জন্যই এটা করা হচ্ছে।" বৈঠকে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, কেন্দ্রীয় নেতা আব্দুল মান্নান, আখতারুজ্জামান ও লতিফ সিদ্দিকী, ন্যাপ নেতা এমএ গণি, এনামুল হক প্রমুখ। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জিএমএ/এমআই/এমএ/১৪৪১ ঘ.