ঢাকা, অক্টোবর ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- নিজের আলোচিত ঐক্যমতের সরকারের প্রস্তাবটির ব্যাপারে আত্মপক্ষ সমর্থন করে সাবেক রাষ্ট্রপতি বি চৌধুরী বলেছেন, জাতীয় সরকার নয়, নির্বাচনের পর সংসদের প্রতিনিধিত্বকারী দলগুলোকে নিয়ে জাতীয় ঐক্যমতের সরকার গঠনের কথা বলেছেন তিনি।
সোমবার বিকেলে রাজধানীর বারিধারায় কেসি মেমোরিয়াল ক্লিনিকে বিকল্প ধারা বাংলাদেশের সভাপতি বদরুদ্দোজা চৌধুরী সাংবাদিকদের কাছে নতুন করে তার প্রস্তাবিত ঐক্যমতের সরকারের ব্যাখা দেন।
গত ৮ অক্টোবর তার দেওয়া প্রস্তাবের 'ভুল ব্যাখা' করা হয়েছে মন্তব্য করে বি চৌধুরী বলেন, "আমি কোন জাতীয় সরকারের প্রস্তাব করিনি। নির্বাচনের পরে সংসদে নির্বাচিত রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের ঐক্যমতের সরকারের কথা বলেছি। এই প্রস্তাব দেশের স্বার্থে, কোন মহল বিশেষের স্বার্থে করা হয়নি।"
দূর্নীতি, অপশাসন এবং রাজনৈতিক দলগুলোর বিভেদ কমিয়ে সুশাসন প্রতিষ্ঠার জন্য আগামী দুটি জাতীয় সংসদ নির্বাচনের পর ঐক্যমতের সরকার প্রতিষ্ঠার প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে বি চৌধুরী বলেন, "দেশের প্রচলিত সংবিধানের সঙ্গে প্রস্তাবিত জাতীয় ঐক্যমতের সরকারের কোন দ্বন্দ্ব নেই। কারণ দলগুলো নির্বাচন করবে তাদের স্বতন্ত্র আদর্শ অনুযায়ী পৃথক পৃথকভাবে। আর নির্বাচন শেষে সংসদে প্রতিনিধিত্বকারী দলগুলোর সবাইকে নিয়ে একটি ঐক্যমতের সরকার গঠন করা হবে।"
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "জাতীয় ঐক্যমতের সরকার বিষয়ে আলোচনার জন্য দেশের সব রাজনৈতিক দলকে চিঠি দিয়ে সংলাপের জন্য আমন্ত্রণ জানানো হবে।" তবে কবে থেকে এ চিঠি পাঠানোর কাজ শুরু হবে তা তিনি বলেননি।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিকল্প ধারা মহাসচিব মেজর (অব.) আব্দুল মান্নান, দলের সভাপতিমন্ডলীর সদস্য অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এম এ হালিম, ডা. নূরুল আমিন বেপারী এবং সাংগঠনিক সম্পাদক মাহী বি চৌধুরী উপস্থিত ছিলেন।
গত ৮ অক্টোবর এক ইফতার পার্টিতে অধ্যাপক বি চৌধুরী 'জাতীয় উন্নয়নের স্বার্থে' জাতীয় ঐক্যমতের সরকার' প্রতিষ্ঠার একটি প্রস্তাব উত্থাপন দেন। তিনি রাজনীতিবিদদের বিবেচনার জন্য নয় দফা সুপারিশও পেশ করেন। তার এই চমক সৃষ্টি করা প্রস্তাবটি প্রাথমিকভাবে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করলেও পরে এ নিয়ে আগ্রহে দৃশ্যত ভাটা পড়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/এসএম/এসকে/২২১৬ঘ.
bdnews24