ঢাকা, অক্টোবর ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ আগামী বছরের অক্টোবরের আগেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন।
সোমবার সন্ধ্যায় মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিভিন্ন রাজনৈতিক দলের শতাধিক নেতাকর্মীর এলডিপিতে যোগদান অনুষ্ঠানে তিনি বলেন, "এই সরকারের অনেক ভালো কাজ রয়েছে। কিন্তু পূর্ব অভিজ্ঞতার কারণে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারেনি তারা। তাই নির্বাচন কমিশনকে বলব, বেশি বেশি টেলিভিশনের সামনে কথা না বলে অক্টোবরের আগেই নির্বাচনের ব্যবস্থা করুন।"
দলে যোগদানকারীদের অভিনন্দন জানিয়ে অলি আহমেদ বলেন, "এলডিপিতে কোনো একক নেতৃত্ব নেই, সম্মিলিত নেতৃত্বে দল চলে।"
তিনি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা প্রবাসী বাংলাদেশীদের ভোটার করার জন্য নির্বাচন কমিশনের প্রতি দাবি জানান।
অনুষ্ঠানে এলডিপির মহাসচিব অধ্যাপিকা জাহানারা বেগম, সভাপতিমণ্ডলীর সদস্য ব্যারিস্টার জিয়াউর রহমান খান, সহ সভাপতি আবুল কাশেম চৌধুরী, যুগ্ম মহাসচিব শাহাদাৎ হোসেন সেলিম, পল্লী চিকিৎসক দলের সভাপতি বাচ্চু শিকদার, দবিরুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/এসএনডি/এমএ/১৯৪১ ঘ.
bdnews24