ঢাকা, অক্টোবর ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনায় যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটি। আলোচনার বক্তব্য তৈরি সহ আনুষঙ্গিক প্রস্তুতির জন্য একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে কার্যনির্বাহী কমিটির বৈঠকটি আগামী ১ নভেম্বর সকাল ১১টা পর্যন্ত মুলতবি করা হয়েছে।
সোমবার আওয়ামী লীগ সভানেত্রীর ধানমণ্ডি কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকের পর সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানান দলের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান।
জিল্লুর রহমান বলেন, "হৃদ্যতাপূর্ণ পরিবেশে আমাদের সভা অনুষ্ঠিত হয়েছে। আমরা সবাই একমত হয়ে এই সিদ্ধান্ত নিয়েছি।"
তিনি আরও বলেন, "রাজনৈতিক দলের সঙ্গে নির্বাচন কমিশনের ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে আগামী ৪ নভেম্বর বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে আলোচনার জন্য নির্বাচন কমিশনের আমন্ত্রণের পরিপ্রেক্ষিতে দলের পক্ষ থেকে এ আলোচনায় অংশগ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করা হলো। এ আলোচনার জন্য দলের বক্তব্য তৈরিসহ সার্বিক প্রস্তুতি গ্রহণের জন্য একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"
জিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে কার্যনির্বাহী কমিটির মোট ৪৩ জন সদস্য উপস্থিত ছিলেন। কমিটির মোট ৭৩ জন সদস্যের মধ্যে ২ জন মারা গিয়েছেন, ১জন অনানুষ্ঠানিকভাবে দলত্যাগ করেছেন, দলের সভানেত্রী-সাধারণ সম্পাদকসহ ১১ জন জেলে রয়েছেন ও ৪ জন পলাতক রয়েছেন। বাকী ৫৩ জনের মধ্যে ১০ জন অনুপস্থিত ছিলেন। সভায় উপস্থিত ছিলেন জোহরা তাজউদ্দীন, সাজেদা চৌধুরী, তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত, মতিয়া চৌধুরী, সৈয়দ আশরাফুল ইসলাম, মুকুল বোস প্রমুখ।
আওয়ামী লীগ সভানেত্রীর ধানমণ্ডি কার্যালয়ে সকাল সোয়া ১০টার দিকে সভা শুরু হয় এবং সোয়া ১২টার দিকে শেষ হয়। এসময় কার্যালয় ফটকের বাইরে অনেক নেতা-কর্মী ভীড় করেন। তবে সভায় যোগ দিতে আসা নেতা ও গণমাধ্যম কর্মী ছাড়া আর কাউকে ভেতরে ঢুকতে দেওয়া হয়নি।
সভায় উপস্থিত অন্যান্য নেতারা জানান, এ প্রস্তুতি কমিটি তৈরির দায়িত্ব ভারপ্রাপ্ত সভাপতিকে দেওয়া হয়েছে।
জিল্লুর রহমান আগামী ১ নভেম্বর সকাল ১১টা পর্যন্ত সভা মূলতবি করার ঘোষণা দেন। অবিলম্বে দেশব্যাপী ঘরোয়া রাজনীতির ওপর থেকে বিধিনিষেধ ও জরুরি আইন প্রত্যাহারের দাবি জানান তিনি।
তিনি শেখ হাসিনার মুক্তি দাবি করেন এবং শেখ হাসিনার মুক্তির জন্য আইনী লড়াই চালিয়ে যাওয়ার সংকল্প ব্যক্ত করেন। এছাড়া তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিলসহ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন সমূহের আটক অন্যান্য নেতা-কর্মীদের মুক্তি দাবি করেন। বঙ্গবন্ধু হত্যা মামলার বিচারকাজ দ্রুত শেষ করে খুনীদের ফাঁসির রায় কার্যকর করার আহ্বান জানান জিল্লুর রহমান।
তিনি চাল, ডাল, তেল, আটা, পেঁয়াজসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসার দাবি জানান। এজন্য মূল্য নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ গঠনের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণের উদ্যোগ গঠনের আহ্বান জানান।
দুই দফা বন্যায় দেশের কৃষকরা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ফসল উৎপাদন ব্যাহত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, "বন্যার ক্ষতি কাটিয়ে ওঠার জন্য কৃষকদের কাছে সময়মতো সার সরবরাহের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে দিকে দৃষ্টি রেখে কৃষকরা যেন পর্যাপ্ত সার পান সেজন্য প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণের জন্য সরকারের কাছে আহ্বান জানাই। কৃষি উপকরণের ওপর ভর্তুকি প্রদান ও সহজ শর্তে পর্যাপ্ত কৃষি ঋণ বিতরণের আহ্বান জানাচ্ছি।"
তিনি শ্রমিকদের ট্রেড ইউনিয়নের অধিকার ফিরিয়ে দেওয়ার তাগিদ দেন এবং ঢাকা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গ্রেফতারকৃত শিক্ষক ও ছাত্রদের মানবিক কারণে মুক্তি দেওয়ার আহ্বান জানান।
আগামী ৩ নভেম্বর জেল হত্যা দিবসের কর্মসূচি গ্রহণ করা হয়েছে এবং সভায় তা অনুমোদন করা হয়েছে বলে জানান তিনি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জিএমএ/এমএ/১৩১১ঘ.
bdnews24