ঢাকা, অক্টোবর ২০(বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- নির্বাচন কমিশনের পাশাপাশি সরকারের সঙ্গেও আলোচনা করতে চায় আওয়ামী লীগ। দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, তার দল চায় নির্বাচন ও বিভিন্ন বিষয়ে তত্ত্বাবধায়ক সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসুক।
শনিবার বিবিসি বাংলা সার্ভিসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, "অনেক বিষয় আছে যেগুলো নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করে নিষ্পত্তি হবে না। সরকারের সঙ্গে আলোচনা করেই সেগুলোর নিস্পত্তি করতে হবে। আমরা চাই, তত্ত্বাবধায়ক সরকার সব দলের সঙ্গেই এসব বিষয়ে আলোচনা শুরু করুক।"
আওয়ামী লীগ কোন কোন বিষয়ে সরকারের সঙ্গে আলোচনা করতে চায় জানতে চাইলে তিনি বলেন, "নির্বাচনের সময় প্রশাসনের অবস্থা কেমন হবে, নিরপেক্ষতা থাকবে কি না, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ থাকবে কি না, কারা নির্বাচনে অংশ নিতে পারবে আর কারা পারবে না, কারা পর্যবেক্ষক হিসেবে থাকবে ইত্যাদি বিষয়ে আমরা আলোচনা করতে চাই। এসব বিষয়কে আমরা রাজনৈতিক বিষয় বলেই মনে করি। আর রাজনৈতিক বিষয়ের নিস্পত্তি আইনি প্রক্রিয়ায় সম্ভব নয়। আলোচনার মাধ্যমে রাজনৈতিকভাবেই এর সমাধান করতে হবে। অদূর ভবিষ্যতে কার্যনির্বাহী কমিটির সভায় সিদ্ধান্ত নিয়ে সরকারকে চিঠি দিয়ে জানাবো যে আমরা এইসব বিষয়ে আলোচনা করতে চাই।"
৪ নভেম্বর নির্বাচন কমিশনের বৈঠকে যাচ্ছেন কি না এ প্রশ্নের জবাবে আশরাফুল ইসলাম বলেন, "সোমবার দলের কার্যনির্বাহী কমিটির সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হবে। এ ব্যাপারে আগাম কিছু বলার সুযোগ নেই।"
অবশ্য তিনি জানান, শুক্রবার তারা নির্বাচন কমিশনের আমন্ত্রণপত্র পেয়েছেন।
শেখ হাসিনা মুক্তি না পেলে নির্বাচনে অংশ নেবেন কি না জানতে চাইলে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বলেন, "আমরা বিশ্বাস করি, দলীয় সভানেত্রীসহ আর যারা কারাগারে আছেন আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে সাংবিধানিকভাবেই তারা মুক্ত হয়ে আসবেন এবং শেখ হাসিনার নেতৃত্বেই আমরা নির্বাচনে অংশ নেব।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/জেকে/এমএসবি/২৩৫০ ঘ.
bdnews24