ঢাকা,অক্টোবর ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - "ছবি তুললে ক্যামেরা ভেঙে ফেলবো"- এই বলে আদালতের বারান্দায় দাঁড়িয়ে বিটিভির সাংবাদিক ও ক্যামেরাম্যানকে হুমকি দিয়েছেন সাবেক গৃহায়ণ ও পূর্তমন্ত্রী বিএনপি নেতা মির্জা আব্বাস।
বৃহস্পতিবার ছিল মির্জ্জা আব্বাসের বিরুদ্ধে অবৈধভাবে বিদেশি মুদ্রা রাখার মামলায় অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ। এজন্য সকাল ১১টায় কেন্দ্রীয় কারাগার থেকে মির্জা আব্বাসকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে হাজির করা হয়। এজলাসে ঢোকার পথে তিনি বিটিভির প্রতিবেদক নূরুজ্জামান ইকবাল ও ক্যামেরাম্যানকে এ হুমকি দেন। ক্যামেরাম্যান ছবি তুলতে গেলে রাগে ফেটে পরেন তিনি।
এর আগে গত বুধবার চ্যানেল আই এর প্রতিবেদক মোস্তফা মল্লিক ও তার সহকর্মী ক্যামেরাম্যানকেও একইভাবে হুমকি দেন মির্জা আব্বাস।
গত ৪ ফেব্র"য়ারি রাতে যৌথবাহিনী মির্জা আব্বাসের দক্ষিণ শাহজাহানপুরের বাসা থেকে ৪ হাজার ৬০০ মার্কিন ডলার, ১৭ হাজার থাই বাথ ও ৪১৮ মালয়েশীয় রিংগিট উদ্ধার করে। এ অর্থের কোন বৈধ কাগজপত্র না থাকায় মতিঝিল থানায় এ ব্যাপারে একটি মামলা করা হয়।
গত ১৬ জুলাই মির্জ্জা আব্বাসের বিরুদ্ধে আদালতে বৈদেশিক মুদ্রা আইনে অভিযোগপত্র না দিয়ে বিশেষ ক্ষমতা আইনে অভিযোগপত্র দাখিল করা হয়। অভিযোগ গঠনের শুনানির সময় এ বিষয়টি মহানগর ৬ নম্বর বিশেষ ট্রাইবুনালের বিচারক আবু মাহসীনের নজরে এলে তিনি অভিযোগ গঠন না করে মামলার নথি ঢাকার মহানগর দায়রা জজ মো. আজিজুল হকের কাছে পঠিয়ে দেন।
আজিজুল হক অধিকতর তদন্ত করে আবারো তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য তদন্ত কর্মকর্তা মতিঝিল থানার উপ-পরিদর্শক রফিকুল ইসলামকে নির্দেশ দেন।
তদন্ত কর্মকর্তা বৃহস্পতিবার ওই তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করতে ব্যর্থ হওয়ায় বিচারক আজিজুল হক আগামী ৮ নভেম্বর তা দাখিলের জন্য পুনরায় দিন ধার্য করেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/টিএইচ/এসকে/১৮১০ঘ.
bdnews24