ঢাকা, অক্টোবর ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সভানেত্রী কারাগারে থাকায় এবার আওয়ামী লীগ নেতাকর্মীদের মনে ঈদের খুশি নেই বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান।
রোববার সকালে গুলশানের বাসায় নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
জিল্লুর রহমান বলেন, "এবারের ঈদ আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে নিরানন্দের। নেত্রী কারাগারে আছে বলে তাদের মনে খুশির আমেজ নেই।"
সরকার ঈদের আগেই শেখ হাসিনাকে মুক্তি দেবে বলে নেতাকর্মীরা আশা করলেও তা পূরণ হয়নি বলে জানান আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি। তিনি অবিলম্বে হাসিনার মুক্তির দাবি জানান।
এরআগে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ, মতিয়া চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামসহ কেন্দ্রীয় নেতারা জিল্লুর রহমানের বাসায় এসে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/এএস/এসএনডি/১৬৩৫ ঘ.
bdnews24