ঢাকা, অক্টোবর ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - এবার অন্তত ব্রিটেন প্রবাসী বাংলাদেশিরা ছবিসহ ভোটার তালিকাভূক্ত হবেন। আর প্রবাসীদের ভোটার তালিকাভূক্ত করতে নির্বাচনী আইনেও (গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২) প্রয়োজনীয় সংশোধনী আনা হবে।
নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানিয়েছেন।
তিনি বলেন, "আগামী নির্বাচনে অন্তত ব্রিটেনে প্রবাসী বাংলাদেশিদের ভোটার করা হবে। আন্তরিকভাবে বিশ্বাস করি, ব্রিটেনের প্রায় সব বাংলাদেশিই ভোটার হতে চান। আমরা নভেম্বরে সেখানে যাচ্ছি, তাদের মধ্যে আগ্রহ কতটুকু সেটা খতিয়ে দেখতে।" (সংশোধিত)
১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় ব্রিটেনের প্রবাসী বাঙালিরা সবচেয়ে বেশি অবদান রেখেছেন -- এ কথা জানিয়ে ছহুল হোসাইন বলেন, "প্রবাসী বাংলাদেশিদের ভোটার তালিকাভূক্ত করতে ব্রিটেন প্রবাসীদের অগ্রাধিকার দেওয়া হবে। তারা দ্বৈত নাগরিক হলেও ভোটার হতে পারবেন। আর যারা শুধু বাংলাদেশের নাগরিক, তাদের ভোটার করতে তো কোনো বাধাই নেই।"
বৃটেনের প্রায় ৩০ লাখ ভোটার তালিকাভুক্ত হওয়ার পর তারা ভোট দেবেন কীভাবে, তা জানতে চাইলে কমিশনার বলেন, "আমরা দুটি পদ্ধতির কথা ভাবছি। একটি হচ্ছে, পোস্টাল ব্যালট; আরেকটি হচ্ছে তারা বাংলাদেশে এসে তাদের স্থায়ী কেন্দ্রে ভোট দেবেন। তবে ই - ভোটের বিষয়টি ভাবা হচ্ছে না।"
প্রবাসী বাংলাদেশিদের এ দেশের স্থায়ী ঠিকানায় ভোটার করা হবে বলেও তিনি জানান।
নির্বাচনী আইন সংস্কার নিয়ে সংলাপের প্রশ্নে প্রধান দুই দল এরই মধ্যে সংশয় প্রকাশ করেছে। এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে ছহুল হোসাইন বলেন, "তাদের সঙ্গে সংলাপের এখনো অনেক দেরী আছে। আমরা আশা করছি, উনারা সংলাপে আসবেন, দেশের স্বার্থে, নির্বাচনের স্বার্থে, আমাদের সঙ্গে তারা আইনের খসড়া নিয়ে আলোচনা করবেন।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ বিআর/এমএ/ ১৭১৬ ঘ.
bdnews24