ঢাকা, অক্টোবর ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আ স ম হান্নান শাহ জাতীয় সরকার গঠনের প্রস্তাব সরাসরি নাকচ করে দিয়েছেন। জনসমর্থনহীন কিছু রাজনীতিক এ ধরনের সরকার গঠনের প্রস্তাব দিচ্ছে বলেও তিনি দাবি করেছেন।
বৃহস্পতিবার দুপুরে মহাখালীর ডিওএইচএস এর বাসায় হান্নান শাহ সাংবাদিকদের তিনি, "যাদের পায়ের নিচে মাটি নেই তারাই নির্বাচিত সরকারের পরিবর্তে জাতীয় সরকার বা ঐকমত্যের সরকারের ধারণা দিচ্ছে। বিএনপি এ ধরনের প্রস্তাবের সঙ্গে নেই।"
এর আগে সোমবার রাজধানীর একটি হোটেলে ইফতার পার্টিতে বিকল্পধারা বাংলাদেশের সভাপতি অধ্যাপক বি চৌধুরী আগামী ১০ বছরের জন্য দেশে একটি জাতীয় ঐকমত্যের সরকার প্রতিষ্ঠার প্রস্তাব দেন। এজন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা ও ঐক্যের ওপর জোর দেন তিনি।
হান্নান শাহ এ বিষয়ে বলেন, "যাদের জনসমর্থন নেই ও যারা রাজনীতিতে ডিগবাজি দিয়েছে তারাই আজ নানা প্রস্তাব দিচ্ছে।"
দলের চেয়ারপারসন খালেদা জিয়াসহ অন্য নেতাদের ঈদের আগে মুক্তি না দেওয়ায় উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, "আমাদের নেত্রী ও নেতারা মুক্তি পাননি। এ মনোবেদনাকে আগামীতে রাজনৈতিক শক্তিতে রূপান্তরিত করতে হবে।"
হান্নান শাহ তার জাপান ও মালয়েশিয়া সফরের অভিজ্ঞতা বর্ণনা করে অভিযোগ করেন, "প্রবাসীরা উদ্বিগ্ন। বর্তমান সরকার রাজনৈতিক কোনো সমাধান দিতে পারেনি। বিভিন্ন ক্ষেত্রে তারা নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। অর্থনৈতিক ব্যবস্থাপনায় আজ দেশে দুর্যোগ নেমে এসেছে।"
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "তারেক রহমানের বিরুদ্ধে মালয়েশিয়ায় বিনিয়োগ সম্পর্কে যেসব সংবাদ প্রচার করা হয়েছে তা বানোয়াট ও ভিত্তিহীন। আমি মালয়েশিয়া গিয়ে সেখানে সরকারি কয়েকজন কর্মকর্তা ও প্রবাসীদের সঙ্গে এ বিষয়ে কথা বলেছি। তারা বলেছে, এর কোনো বাস্তবতা নেই।"
জাপান ও মালয়েশিয়ায় এক সপ্তাহের সফর শেষে বুধবার দেশে ফেরেন হান্নান শাহ। তিনি সেখানে খালেদা জিয়া ও তারেক রহমানের মুক্তি আন্দোলনে অংশ নেওয়া ছাড়াও জাপানের টোকিওর রাইটাপ বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের বন্যা ও প্রতিকার বিষয়ক এক আন্তর্জাতিক সেমিনারে মূল বক্তব্য দেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/এমআরএফ/এসএনডি/এমএ/১৪০৬ঘ.ু
bdnews24