ঢাকা, অক্টোবর ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- নির্বাচনসহ গুরুত্বপূর্ণ দলীয় বিষয়ে পরামর্শ করতে চেয়ারপার্সন খালেদা জিয়ার সঙ্গে দেখা করার জন্য আবেদন করে এখনো সাড়া পাননি বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। কর্তৃপক্ষ বলছে, পুলিশের বিশেষ শাখায় আবেদনটি পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।
খোন্দকার দেলোয়ার প্রায় দুই সপ্তাহ আগে এ বিষয়ে কারা কর্তৃপক্ষের কাছে আবেদন করেন। এরপর তিনি বেশ কয়েকবার সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, কারা কর্তৃপক্ষের কাছ থেকে আবেদনটির বিষয়ে কোনো জবাব পাওয়া যায়নি।
গঠনতন্ত্র অনুযায়ী চেয়ারপার্সনের সঙ্গে আলাপ করেই সব দলীয় বিষয়ে সিদ্ধান্ত নিতে হয় জানিয়ে তিনি বলেন, "এজন্যই চেয়ারপারসনের সঙ্গে আমার দেখা করা প্রয়োজন।"
এ বিষয়ে উপ কারা মহা পরিদর্শক মেজর সামসুল হায়দার ছিদ্দিকী বুধবার সন্ধ্যায় বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, 'খোন্দকার দেলোয়ার হোসেনের আবেদনটি আমরা পেয়েছি। কারাগারে দেখা করার নিয়ম অনুযায়ী সেটি পুলিশের বিশেষ শাখার অনুমতির জন্য পাঠানো হয়েছে। সেখান থেকে প্রতিবেদন আসেনি। নিয়ম হচ্ছে সেখান থেকে ক্লিয়ারেন্স এলে সাক্ষাতের ব্যবস্থা করা হয়।'
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/এলএইচ/এসএনডি/এসকে/২০১৫ ঘ.
bdnews24