ঢাকা, অক্টোবর ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দেশে জাতীয় ঐকমত্যের সরকার গঠনে সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর দেওয়া প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন শীর্ষস্থানীয় রাজনৈতিক দলের নেতারা।
সোমবার রাজধানীর একটি হোটেলে ইফতার পার্টিতে বিকল্পধারা বাংলাদেশের সভাপতি অধ্যাপক বি চৌধুরী আগামী ১০ বছরের জন্য দেশে একটি জাতীয় ঐকমত্যের সরকার প্রতিষ্ঠার প্রস্তাব দেন। এজন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা ও ঐক্যের ওপর জোর দেন তিনি।
তার এ প্রস্তাবকে 'ইতিবাচক' বলেছে আওয়ামী লীগসহ ১৪ দল। আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান মঙ্গলবার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "বদরুদ্দৌজা চৌধুরী সাহেবের প্রস্তাবটি ভাল। আওয়ামী লীগ মনে করে, গন্তব্য এক ও অভিন্ন হলে ঐক্য শক্তিতে রূপান্তিত হতে পারে। দেশের স্বার্থে ও জনগণের কল্যাণে আমরা ভালো কিছু করতে চাই।''
তবে ঐক্যের প্রক্রিয়া সম্পর্কে তিনি কিছু বলতে চাননি।
বিএনপির সংস্কারপন্থী নেতা আব্দুল মান্নান ভূঁইয়া বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "অষ্টম সংসদের সমাপনী অধিবেশনে আমি জাতীয় ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্যের আহবান রেখেছিলাম। বদরুদ্দোজা চৌধুরী সাহেব ঐকমত্যের সরকার প্রতিষ্ঠার যে প্রস্তাব করেছেন, তা আমি সমর্থন করি। তবে এর আগে অবশ্যই রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা হতে হবে। এটা করা গেলে পরের ধাপ হচ্ছে, আগামী নির্বাচনের পর ঐকমত্যের সরকার গঠন করা।''
রাজনৈতিক দলগুলোর মধ্যে দূরত্ব কমিয়ে আনার ওপর জোর দিয়ে মান্নান ভূইয়া বলেন, "আমরা এমন অবস্থা এসে পৌঁছেছি যেখানে রাজনৈতিক নেতা হিসেবে একে অপরের সঙ্গে সর্ম্পক পর্যন্ত রাখি না। বিগত সময়ে নেতাদের মধ্যে ব্যক্তিগত সর্ম্পক পর্যন্ত কমে গিয়েছিল।"
অন্যদিকে, সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ বলেন, "বদরুদ্দৌজা চৌধুরী সাহেবের প্রস্তাব ভালো। তবে আমার দলের সঙ্গে আলোচনার ছাড়া এখনই কিছু বলা সম্ভব নয়। বিভেদের রাজনীতির সংস্কৃতি দূর হওয়া উচিত। দেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য অবশ্যই আমাদের একযোগে কাজ করা প্রয়োজন। এজন্য ঐক্য হলে ভালো।"
জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ অবশ্য বি চৌধুরীর প্রস্তাবকে সরাসরি সমর্থন জানান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য প্রয়োজন। নির্বাচনের পর ঐকমত্যের সরকার করা হলে তা দেশের জন্য ভালো হবে।"
ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, "দেশ ও জনগণের কল্যাণে যা কিছু মঙ্গল তা করা গেলে ভাল। আমরা নব্বইয়ের আন্দোলনের সময়ে বলেছিলাম পরবর্তী তিনটি সরকার যেন জাতীয় ঐকমত্যের ভিত্তিতে হয়। এখন বদরুদ্দৌজা চৌধুরী সাহেব সে কথা বলছেন। তবে আমি মনে করি এই মুহূর্তে আমাদের প্রধান লক্ষ্য হওয়া উচিত দেশে একটি সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান।"
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এম কামারুজ্জামান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, ''বি চৌধুরী সাহেবের প্রস্তাবের ধারণা ভাল। তবে এ বিষয়ে এখনো মন্তব্য করার সময় আসেনি। এ বিষয়ে অনেক আলোচনার প্রয়োজন আছে। নির্বাচনের পর সংসদে প্রতিনিধিত্বকারী দলগুলোকে নিয়ে যদি জাতীয় সরকার বা ঐকমত্যের সরকার (যে নামেই বলা হোক) প্রতিষ্ঠা করা যায়, তা দেশের জন্য ভাল।"
তবে নির্বাচনের আগে এ রকম সরকার হলে তা জনগণের কাছে গ্রহণযোগ্যতা পাবে না বলে জানান এম কামারুজ্জামান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/এসএনডি/এমএইচবি/২০১২ ঘ.
bdnews24