ঢাকা, অক্টোবর ০৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর কম)- বর্তমান তত্ত্বাবধায়ক সরকার দৃষ্টান্ত স্থাপনের জন্য কিছু বিচার প্রক্রিয়া শেষ করছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন।
সোমবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের শেয়ার সনদ বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "সব অপরাধের বিচার করা কোনো দেশেই সম্ভব হয় না। তবে কিছু দৃষ্টান্ত থাকতে হয়। বর্তমানে যে বিচারগুলো হচ্ছে, সেগুলো মূলত দৃষ্টান্ত স্থাপনের জন্য।"
আইন উপদেষ্টা বলেন, "কে কতটা দুর্নীতিবাজ, তারচেয়ে বড় বিষয় হচ্ছে, দেশকে কীভাবে এগিয়ে নেওয়া যায়, দেশে সুশাসন গড়ে তোলা যায় ও সৎ লোকের শাসন প্রতিষ্ঠা করা যায়।"
সরকার শুধু নির্বাচন অনুষ্ঠানের জন্যই কাজ করছে না জানিয়ে তিনি বলেন, "সরকারের বড় দায়িত্ব দেশে সুশাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠা করা। এ ক্ষেত্রে সাংবাদিকদেরও একটি বড় দায়িত্ব রয়েছে।"
বর্তমান সরকার ২০০৮ সালের মধ্যেই নির্বাচন করবে- জানিয়ে মইনুল হোসেন বলেন, "আমাদের একটি বড় প্রতিশ্র"তি হচ্ছে নির্বাচনের মাধ্যমে একটি সৎ সরকার জাতিকে উপহার দেওয়া। এটি নিয়ে সরকারকে দুশ্চিন্তায় থাকতে হয়।"
ডিআরইউ এর সেগুন বাগিচার মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিদ্যুৎ উপদেষ্টা তপন চৌধুরী, ডিআরইউ সভাপতি আলমগীর হোসেন, সমিতির সভাপতি আশরাফ আলী, সম্পাদক মহসিনুল করিম প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর কম/এমআইএম/বিআর/এসএনডি/এমএ/১৯১২ ঘ.
bdnews24