ঢাকা, অক্টোবর ০৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- দুই নেত্রীকে দেশের বাইরে পাঠানোর বিষয়ে দেওয়া আইন উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনের বক্তব্য নাকচ করে দিলেন বিএনপির মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন।
তিনি বলেন, "বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এ দেশের একজন নাগরিক। সর্ব বৃহৎ রাজনৈতিক দলের নেত্রী। তিনি সংসদে দুই তৃতীয়াংশ রায় নিয়ে সরকার গঠন করেছিলেন। এ দেশে থাকা তার জন্মগত এবং সাংবিধানিক অধিকার। একজন ব্যারিস্টার হিসেবে তিনি কারো জন্মগত অধিকার নিয়ে কথা বলতে পারেন না।"
সোমবার সকালে সংসদ ভবনের ন্যাম ফ্ল্যাটে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় তিনি এ কথা বলেন।
প্রসঙ্গত, গত রোববার বাংলাদেশে বৈদেশিক সংবাদদাতাদের সংগঠন ওকাবের এক সভায় আইন উপদেষ্টা ব্যারিস্টার সাংবাদিকদের বলেছিলেন, "আমরা তো চেয়েছিলাম ওনারা দেশের বাইরে থাকুন। এ সব ঝামেলার মধ্যে ওনারা না আসুন। কিন্তু ওনারা তো আমাদের সেই সুযোগ দিলেন না।"
খোন্দকার দেলোয়ার হোসেন আবারও দাবি করেন সারাদেশে এবং দেশের বাইরে খালেদা জিয়ার নেতৃত্বেই বিএনপি ঐক্যবদ্ধ আছে। দলের অধিকাংশ কেন্দ্রীয় নেতা ও সাবেক সাংসদরা তাদের সঙ্গে আছেন।
তিনি দলের সংস্কারপন্থীদের উদ্দেশে বলেন, "মাঠ পর্যায়ে কোথাও তাদের কোনো অবস্থান নেই। তাদের অবস্থান কী, সেটা তারা ঈদে বাড়ি গেলেই বুঝতে পারবে। দলে যে অবস্থান তারা নিয়েছে, সে জন্যই তাদের এই পরিণতি হয়েছে।"
নয়াপল্টনের দলীয় কেন্দ্রীয় কার্যালয় অবিলম্বে খুলে দেওয়ার দাবি করেন খন্দকার দেলোয়ার। তিনি সংস্কারপন্থী নেতা আব্দুল মান্নান ভূঁইয়ার সমালোচনা করে বলেন, "অবৈধ ব্যক্তির অবৈধ দরখাস্তে এই অফিস বন্ধ করে রাখা হয়েছে, এটি ঠিক নয়। মান্নান ভূঁইয়া দলের কেউ নন; তার দরখাস্ত গ্রহণ করাটা নিরপেক্ষ ভূমিকা নয়।"
এ সময় বিএনপির কেন্দ্রীয় ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক রিজভী আহমেদ, সাবেক সাংসদ অধ্যক্ষ সোহরাব হোসেন, মহানগর বিএনপি নেতা মঈনুদ্দীন মাঈনু, খতিবুর রহমান খোকন প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/বিআর/এমএ/১৩৫০ ঘ.
bdnews24