২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চেয়েছিলাম দুই নেত্রী বাইরে থাকুন: মইনুল

সাবেক দুই প্রধানমন্ত্রীর কারাবাস সম্পর্কে আইন উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন বলেছেন, "আমরা তো চেয়েছিলাম ওনারা (দেশের) বাইরে থাকুন। এসব ঝামেলার মধ্যে ওনারা না আসুন। কিন্তু ওনারা তো আমাদের সেই সুযোগ দিলেন না।" রোববার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশে বৈদেশিক সংবাদদাতাদের সংগঠন ওকাবের এক সভায় বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস-এর বাংলাদেশ প্রধান ফরিদ হোসেনের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন আইন উপদেষ্টা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2007, 04:12 PM

Updated : 26 Aug 2022, 08:44 PM

ঢাকা, অক্টোবর ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সাবেক দুই প্রধানমন্ত্রীর কারাবাস সম্পর্কে আইন উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন বলেছেন, "আমরা তো চেয়েছিলাম ওনারা (দেশের) বাইরে থাকুন। এসব ঝামেলার মধ্যে ওনারা না আসুন। কিন্তু ওনারা তো আমাদের সেই সুযোগ দিলেন না।" রোববার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশে বৈদেশিক সংবাদদাতাদের সংগঠন ওকাবের এক সভায় বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস-এর বাংলাদেশ প্রধান ফরিদ হোসেনের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন আইন উপদেষ্টা। ফরিদ হোসেন তাকে জিজ্ঞেস করেছিলেন, দুই নেত্রীকে বিশেষ কারাগারের রাখায় সরকারের তো অনেক খরচও হয়; সেই ক্ষেত্রে তাদেরকে নিজেদের বাসায় রাখা বা এ ধরনের কোন পরিকল্পনা সরকারের আছে কী না? এর জবাবে তিনি ওই কথা বলেন। জবাবের শুরুতে অবশ্য তার কথা ছিল, "এ প্রশ্নটির সঙ্গে রাজনীতির বিষয়টি গভীরভাবে জড়িত।" সভায় তিনি আরও বলেন, "দুর্নীতিবাজদের সাধারণ ক্ষমা ঘোষণা করার কোন পরিকল্পনা সরকারের নেই।" আইন উপদেষ্টা জানান, সরকার 'সমঝোতার' বিষয়টি বিবেচনা করছে। তবে সেটা কীভাবে করা হবে তা পরিষ্কার নয়। উপদেষ্টা বলেন, "প্রস্তাবিত ট্রুথ কমিশনের মাধ্যমে সরকার সমঝোতার বিষয়ে চিন্তাভাবনা করছে।" সমঝোতা প্রক্রিয়া শুধু ব্যবসায়ীদের জন্য হবে কেন সাংবাদিদের এ প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা জানান, আইনে নির্দিষ্ট করে ব্যবসায়ীদের কথা উল্লেখ করা হবে না। তবে তিনি বলেন, "এ ক্ষেত্রে ব্যবসায়ীদের অগ্রাধিকার দেওয়া হবে।" সমঝোতার এ পদক্ষেপে রাজনীতিবিদদের বিবেচনা করা হচ্ছে কিনা এর জবাবে উপদেষ্টা বলেন, "এটা নির্ভর করে পরিস্থিতি কি হবে তার ওপর।" তিনি বলেন, "আমরা কোন ধরনের নিয়ন্ত্রিত গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই না। সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা ছেড়ে দিয়ে আমরা দৃষ্টান্ত স্থাপন করতে চাই।" উপদেষ্টা জানান, নির্বাচনের খুব বেশি দেরি নেই। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জাতীয় চোরাচালান প্রতিরোধ কমিটির সভা শেষে আইন উপদেষ্টা সাংবাদিকদের বলেন, "দেশের স্বার্থেই সরকার ট্রুথ কমিশন গঠনের উদ্যোগ নিয়েছে। এ ক্ষেত্রে ব্যবসায়ীদের বেশি গুরুত্ব দেওয়া হবে। তবে আইন যেহেতু সবার জন্য সমান তাই ব্যবসায়ীদের পাশাপাশি বর্তমানে দুর্নীতির তালিকাভুক্ত কোন ব্যক্তি চাইলেও এ সুবিধা নিতে পারবেন।" যেহেতু রাজনীতিবিদরা ক্ষমতায় ছিলেন তাই 'রাষ্ট্রীয় দুর্নীতি'র দায়দায়িত্ব তাদেরই নিতে হবে বলে উপদেষ্টা মন্তব্য করেন। তিনি বলেন, "রাজনীতিবিদদের অনেকেই রাষ্ট্রীয় দুর্নীতিতে জড়িত ছিলেন।" অন্য দেশে সামান্য ভুলের জন্যও রাজনীতিবিদদের ক্ষমা করা হয় না বলে উল্লেখ করেন মইনুল হোসেন। তিনি বলেন, "রাজনীতিবিদদের সঙ্গে আমাদের কোন দ্বন্দ্ব নেই।" উপদেষ্টা বলেন, কাউকে কারাগারে রাখলেই কেবল সাজা হয়নি। অন্য ধরনের শাস্তির ব্যবস্থাও থাকতে পারে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জেআর/ইএইচ/এডি/এমএসবি/এমএইচবি/২০২১ঘ.