২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৬২টি এলাকায় ভোটার তালিকার কাজ শুরু নভেম্বরে

আগামী মাসে দেশের ৬২টি এলাকায় ছবিসহ ভোটার তালিকা তৈরির কাজ শুরু করবে নির্বাচন কমিশন। একইসঙ্গে ভোটারদের দেওয়া হবে জাতীয় পরিচয়পত্র।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2007, 10:52 AM

Updated : 26 Aug 2022, 08:45 PM

ঢাকা, অক্টোবর ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - আগামী মাসে দেশের ৬২টি এলাকায় ছবিসহ ভোটার তালিকা তৈরির কাজ শুরু করবে নির্বাচন কমিশন। একইসঙ্গে ভোটারদের দেওয়া হবে জাতীয় পরিচয়পত্র। নির্বাচন কমিশনার মুহাম্মাদ ছহুল হোসাইন রোববার দুপুরে কমিশন কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন, "আমরা নভেম্বরের প্রথম সপ্তাহে দেশের ৬২টি জায়গায় ভোটার তালিকার কাজ শুরু করছি। পর্যায়ক্রমে এসব এলাকায় তালিকা তৈরির জন্য ভোটারদের তথ্য সংগ্রহ, ডেটা এন্ট্রি ও ছবি তোলা হবে।" এজন্য সংশ্লিষ্ট এলাকায় শিগগিরই তথ্য সংগ্রহকারী, সুপারভাইজার ও ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ করা হবে বলেও জানান কমিশনার। তবে নতুন কোন কোন এলাকায় ভোটার তালিকা করার কাজ শুরু হচ্ছে তা তিনি পরিষ্কার করেননি। তিনি বলেন, "কখন কোন জেলায় কীভাবে এই ভোটার তালিকা তৈরির কাজ হবে, তা প্রধান নির্বাচন কমিশনার পরে বিস্তারিত জানাবেন।" এক প্রশ্নের জবাবে ছহুল হোসাইন বলেন, প্রবাসী বাংলাদেশীদের ভোটার হওয়ার বিষয়ে আগ্রহ জানতে নভেম্বরে তিনি লন্ডন যাচ্ছেন। এই সফরে অপর নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেনও থাকতে পারেন। ইউরোপের অন্যান্য দেশে প্রবাসীদের ভোটার হওয়ার বিষয়ে আগ্রহও পর্যবেক্ষণ করা হবে বলে তিনি জানান। প্রসঙ্গত, প্রবাসী বাংলাদেশীদের ভোটার করার জন্য প্রথমবারের মতো নির্বাচন কমিশন উদ্যোগ নিয়েছে। এজন্য বাংলাদেশ দূতাবাসগুলোতে একটি করে ডেস্ক খোলার পরকল্পনা রয়েছে। ওই ডেস্কে গিয়ে প্রবাসীরা পাসপোর্ট দেখিয়ে ভোটার হিসেবে তালিকাভুক্ত হতে পারবেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/বিআর/এসএনডি/এমএ/১৬৪২ ঘ.