ঢাকা, অক্টোবর ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- দল থেকে কোনো ব্যক্তিকে বাদ দেওয়ার জন্য সংস্কার প্রস্তাব করা হয়নি বলে দাবি করেছেন বিএনপির সংস্কারপন্থী অংশের নেতা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জেড এ খান।
তিনি বলেছেন, "খালেদা জিয়া ও মান্নান ভূঁইয়ার মধ্যে কাউকেই বাদ দেওয়ার কথা ভাবছি না। দলের কাউন্সিলররা যে সিদ্ধান্ত নেবে সেভাবেই সংস্কার হবে। তবে বিএনপিতে সংস্কারের কোনো বিকল্প নেই।"
রোববার গুলশানের ন্যাম ফ্ল্যাটে আব্দুল মান্নান ভূঁইয়ার সঙ্গে সাক্ষাতের পর তিনি এ কথা বলেন।
জেড এ খান দলের ঐক্যের প্রতি গুরুত্বারোপ করে বলেন, "আগামী নির্বাচনে বিএনপিকে জিততে হলে আমাদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করতে হবে। মান্নান ভূঁইয়া এখনো বিএনপির মহাসচিব, তিনি যে ঐক্যের ডাক দিয়েছেন তা দলের ভালো চান বলেই করেছেন। এই ঐক্যের আহ্বানকে সহজভাবে নিতে হবে।"
খোন্দকার দেলোয়ারের সঙ্গে দলের উঁচুমাপের কোনো নেতা নেই দাবি করে জেড এ খান বলেন, তার সঙ্গে এখন যে কয়েকজন আছেন তারাও 'সংস্কারপন্থীদের' সঙ্গে আসার জন্য পথ খুঁজছেন।
বিএনপি চেয়ারপারসনের এ উপদেষ্টা দলের সংস্কার প্রস্তাব সম্পর্কে বলেন, "আমরা কোনো ব্যক্তির পরিবর্তনের জন্য সংস্কার প্রস্তাব করিনি। দলের ভেতরে গণতন্ত্র প্রতিষ্ঠা ও দুর্বৃত্তায়ন থেকে দলকে মুক্ত করতেই এই সংস্কার প্রস্তাব দিয়েছি।"
তিনি বলেন, "যারা দলের গঠনতন্ত্র মানেন, গণতন্ত্রকে বিশ্বাস করেন তারা আমাদের সঙ্গে আছেন। আমাদের এই সংস্কারের উদ্দেশ্যই হচ্ছে দলকে আরো শক্তিশালী করা।"
বিএনপির অপর অংশের সঙ্গে ঐক্যের প্রসঙ্গে তিনি বলেন, "এই ঐক্যের পূর্বশর্ত হচ্ছে দলের সংস্কার। তবে দলের কাউন্সিলররা ঠিক করবেন সংস্কার প্রস্তাবের কোনগুলো বাদ দেওয়া প্রয়োজন আর কোনগুলো রাখা দরকার।"
গত জুলাই মাসে বিএনপির তৎকালীন মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়া সংস্কার প্রস্তাব ঘোষণার পর সর্বপ্রথম জেড এ খানই দলের চেয়ারপারসনের বিরুদ্ধে প্রকাশ্যে সমালোচনামূলক মন্তব্য করে দলের মধ্যে ব্যাপক সমালোচিত হন। ওই সময়ে তিনি বলেছিলেন, "কাঁচের ঘরে থেকে ঢিল মারা ঠিক না। এখন ডুবন্ত অনেকে খড়কুটো ধরে বাঁচতে চাচ্ছেন।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/এসকে/১৩৩৩ঘ.
bdnews24