খুলনা, অক্টোবর ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- খুলনা মহানগর এলাকায় আগেরবার প্রায় এক লাখ ভুয়া ভোটারকে তালিকাভুক্ত করার বিষয়টি ধরা পড়েছে। নতুন প্রাথমিক ভোটার তালিকায় এই ভুয়া ভোটার বাদ যাওয়ায় মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় চার লাখ। জোট সরকারের সময়ে করা ভোটার তালিকায় এ সংখ্যা ছিল প্রায় পাঁচ লাখ।
শনিবার জেলা নির্বাচন কর্মকর্তা মো. মুুজিবর রহমান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, খুলনা সিটি করপোরেশন এলাকার প্রাথমিক ভোটার তালিকায় ভোটার সংখ্যা আগের তালিকার চেয়ে প্রায় ৯৩ হাজার কম। জালিয়াতি ও ভুয়া ভোটার করার কারণেই আগের তালিকায় ভোটারের সংখ্যা বেশি ছিল। এবারের তালিকা নির্ভুল হওয়ায় ভোটার কমেছে। শনিবার থেকে পুনঃতালিকাভুক্তির কাজ শুরু হওয়ায় নতুন তালিকায় ভোটারের সংখ্যা দুই থেকে তিন হাজার বাড়তে পারে বলে জানান তিনি।
মো. মুজিবর রহমান বলেন, "সর্বশেষ ভোটার তালিকায় খুলনা মহানগরীতে ভোটার সংখ্যা ছিল ৪ লাখ ৮১ হাজার ৪৮০ জন। এবার ৩ লাখ ৮৭ হাজার ৯৯১ জন ভোটার তালিকাভুক্ত হয়েছে। তবে বিভিন্ন কারণে কমপক্ষে দুই থেকে তিন হাজার ভোটার তালিকাভুক্ত হতে পারেনি। আজ থেকে তাদের তালিকাভুক্ত করার কাজ শুরু হয়েছে।"
তিনি আরো বলেন, "জালিয়াতি ও ভুয়া ভোটার করার কারণেই আগের তালিকায় ভোটারের সংখ্যা বেশি ছিল। কিন্তু এবার তালিকা নির্ভুল হওয়ায় এ সংখ্যা প্রায় ৯০ হাজার কমেছে।"
জেলা নির্বাচন কর্মকর্তা জানান, মহানগরীর ৩১টি ওয়ার্ডে প্রথম ধাপে বাদ পড়া ভোটারদের তালিকাভুক্তি ১০ অক্টোবর পর্যন্ত চলবে। এজন্য ওয়ার্ড কমিশনারের কাছ থেকে সনদপত্র নিয়ে ভোটারদের মহানগরীর জিলা স্কুলের ভোটার নিবন্ধন কেন্দ্রে আসতে হবে।
খুলনা মহানগরীতে এবার ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির প্রথম দফার কাজ ১৭ আগস্ট শুরু হয়ে ১৯ সেপ্টেম্বর শেষ হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এসএনডি/জেকে/এমএ/২১১৪ ঘ.
bdnews24