ঢাকা, অক্টোবর ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - শেখ হাসিনা যখন মুক্ত ছিলেন আওয়ামী লীগ তখনকার মতোই ঐক্যবদ্ধ আছে বলে দাবি করেছেন দলের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান।
শুক্রবার মহানগর আওয়ামী লীগের ইফতার পার্টিতে তিনি বলেন, "শেখ হাসিনা যখন আমাদের সঙ্গে ছিলেন তখন আমরা যেমন ঐক্যবদ্ধ ছিলাম এখনও তেমনই আছি; ভবিষ্যতেও থাকব।"
জিল্লুর রহমান বলেন, "শেখ হাসিনাকে মিথ্যা ও ভিত্তিহীন মামলায় আটকে রাখা হয়েছে। নানা রকম কু-উদ্দেশ্য নিয়ে এসব করা হচ্ছে। নেত্রী যেন অচিরেই বেরিয়ে আসতে পারেন সেজন্য আমরা দোয়া করি।"
বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের একটি হোটেলে অনুষ্ঠিত এই ইফতার পার্টিতে ১৪ দলের বেশ কয়েকজন নেতাও অংশ নেন।
১৪ দল নেতাদের মধ্যে ছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ-ইনু) সাধারণ সম্পাদক সৈয়দ জাফর সাজ্জাদ, কার্যকরী সভাপতি মাইনুদ্দীন খান বাদল, গণতন্ত্রী পার্টির সভাপতি নুরুল ইসলাম ও গণফোরামের কেন্দ্রীয় নেতা পঙ্কজ ভট্টাচার্য।
আওয়ামী লীগ নেতাদের মধ্যে তোফায়েল আহমেদ, মতিয়া চৌধুরী, মুকুল বোস, সাহারা খাতুন, সুলতান মো. মনসুর, সাবের হোসেন চৌধুরী, আসাদুজ্জামান নূর, মোস্তফা জালাল মহিউদ্দীন, ফারুক খান, সুবিদ আলী ভুঁইয়া, অধ্যাপিকা নাজমা রহমান, ড. আব্দুর রাজ্জাক, ডা. দিপু মনি, মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি কামরুল ইসলামসহ আরো কয়েকজন ইফতার পার্টিতে যোগ দেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জিএমএ/জেকে/এমএ/১৯৫৫ ঘ.
bdnews24