সিলেট, অক্টোবর ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সিলেট সিটি করপোরেশন এলাকায় বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ছবিসহ ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র তৈরির তথ্য সংগ্রহের কাজ।
নগরীর ২৭টি ওয়ার্ডে শুরু হওয়া তথ্য সংগ্রহের এ কাজ চলবে ১৮ অক্টোবর পর্যন্ত।
জেলা নির্বাচন কর্মকর্তা সাহাব উদ্দিন আহমদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ৯টা থেকে তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি যাওয়া শুরু করেছেন। এ জন্য ১৮১ জন সুপারভাইজার ও ৮৮৫ জন তথ্য সংগ্রহকারী নিয়োগ দিয়ে তাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি গিয়ে প্রাথমিক তথ্য সংগ্রহ করে ভোটারদেরকে কোন দিন কোন কেন্দ্রে গিয়ে ছবি তুলতে হবে, তাও জানিয়ে দিচ্ছেন। প্রত্যেক ভোটারের অন্যান্য তথ্যের সঙ্গে রক্তের গ্র"পও উল্লেখ করা হচ্ছে বলে জানান সাহাব উদ্দিন আহমদ।
আগামী ২০ অক্টোবর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত সিলেট সিটি করপোরেশন এলাকায় মোট ৭৩টি ভোটার নিবন্ধন কেন্দ্রে ছবিসহ ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র তৈরির জন্য ছবি তোলার কাজ শুরু হবে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/বিআর/আরএ/এসএনডি/১৭০২ ঘ.
bdnews24