ঢাকা, অক্টোবর ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দল বদল নয়, দলের নাম বদলে ফেলেছেন সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী। লিবারেল ডেমোক্রেটিক পার্টিকে (এলডিপি) তিনি তার বিলুপ্ত করা 'বিকল্পধারা বাংলাদেশ' দলে রুপান্তর করেছেন।
সোমবার অবসরপ্রাপ্ত মেজর আবদুল মান্নান বিকল্পধারার মহাসচিব হিসেবে নতুন দলের প্যাডে স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলেছেন, "বিপুল সংখ্যাগরিষ্ঠ নেতাকর্মী আমাদের দলের নাম এলডিপি ব্যবহার না করে ঐতিহ্যবাহী 'বিকল্পধারা বাংলাদেশ' পুনর্ব্যবহারের পক্ষে রায় দেন। তাই নির্বাহী কমিটির সদস্যদের মতামতের পরিপ্রেক্ষিতে ও অধ্যাপক চৌধুরীর অনুমোদনক্রমে এখন থেকে আমাদের দলীয় কর্মকাণ্ড 'বিকল্পধারা বাংলাদেশ' নামেই পরিচিত হবে।"
তিনি জানান, জোট সরকারের মেয়াদপূর্তির একদিন আগে ২০০৬ সালের ২৬ অক্টোবর ওই সরকারের কয়েকজন মন্ত্রী ও সাংসদ অধ্যাপক বি চৌধুরীর নেতৃত্বের প্রতি আস্থা রেখে ''বিকল্পধারা বাংলাদেশে'' যোগ দেয়। তাদের দাবির পরিপ্রেক্ষিতে দলের নাম পরিবর্তন করে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) নামকরন করা হয়। এলডিপি নামকরণের মাধ্যমে বিকল্পধারার রাজনৈতিক ভিত্তি ও নীতিমালা অপরিবর্তিত থেকে যায়।
তবে মেজর মান্নান অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদের নাম উল্লেখ না করে বলেন "গত ১১ জানুয়ারির পট পরিবর্তনের পর একজন নেতার কিছু কিছু প্রস্তাব বিশেষ করে বাংলাদেশকে ১১ টি প্রদেশে বিভক্ত করা এবং সুষ্ঠু ধারার পরিপস্থী বক্তব্য ও কর্মকাণ্ড আমাদের বিকল্পধারা তথা এলডিপির রাজনীতির সঙ্গে সঙ্গতিপূর্ণ ছিল না। এছাড়া নবাগত নেতাদের মধ্যে কিছুসংখ্যক নেতা চারদলীয় জোটের দুর্নীতির সঙ্গে অভিযুক্ত হওয়ায় এলডিপির ভাবমূর্তি ক্ষুন্ন হয়। "
আবদুল মান্নান বলেন, এই পরিস্থিতিতে করণীয় নির্ধারণ করার জন্য গত ১৬ সেপ্টেম্বর থেকে ছয় দিন সর্বস্তরের নেতাকর্মীদের সঙ্গে যৌথসভা করা হয়। এতে বিপুল সংখ্যাগরিষ্ঠ নেতাকর্মী দলের নাম এলডিপি ব্যবহার না করে বিকল্পধারা বাংলাদেশ পুনব্যবহারের পক্ষে রায় দেন।
প্রসঙ্গত, বিএনপির প্রতিষ্ঠাতা মহাসচিব অধ্যাপক বি. চৌধুরীকে চার দলীয় জোট সরকার ক্ষমতায় এলে বিএনপির মনোনয়নে রাষ্ট্রপতি নির্বাচিত হন। কিন্তু কিছুদিন পরেই দলের চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে মতভিন্নতা সৃষ্টি হলে তাকে রাষ্ট্রপতি পদ ছাড়তে হয়। ২০০৪ সালে তিনি বিকল্পধারা নামে রাজনৈতিক দল দল গঠন করেন।
গত জুলাই মাসে বি চৌধুরীর সঙ্গে দলের নির্বাহী সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল অলির বিরোধ সৃষ্টি হলে তিনি এলডিপির নির্বাহী কমিটির অনুমোদন নিয়ে অলিসহ ১১ জনকে বাদ দিয়ে সভাপতিমণ্ডলি পুনর্গঠন করেন। পরের মাসে কর্নেল অলি নিজেকে সভাপতি ও অধ্যাপিকা জাহানার বেগমকে মহাসচিব করে এলডিপির নতুন কমিটি ঘোষণা করেন।
গত মাসে বিএনপির সংস্কারপন্থী নেতারা দলত্যাগী পুরনো নেতাদের পুনরায় বিএনপিতে যোগদানের আহ্বান জানান। এরমধ্যে বি চৌধুরী ও আবদুল মান্নানের নামও ছিল। তবে তারা বিএনপিতে ফিরে যাবেন না বলে সাংবাদিকদের জানান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএইচএস/এসএম/এমএইচবি/২১১৮ ঘ.
bdnews24