ঢাকা, অক্টোবর ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - গ্যাটকো দুর্নীতি মামলায় খালেদা জিয়ার জামিন স্থগিতের জন্য সুপ্রিমকোর্টে আপিল আবেদন জানিয়েছে সরকার ও দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার দুপুরে সুপ্রিমকোর্টের আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালতে এই আপিল আবেদন দায়ের করা হয়। মঙ্গলবার এই আদালতে আবেদনের উপর শুনানি অনুষ্ঠিত হবে।
আপিল দায়ের প্রসঙ্গে সরকারপক্ষের আইনজীবী এ এস এম খালেকুজ্জামান সাংবাদিকদের বলেন, "খালেদা জিয়াকে জামিন দিয়ে এবং গ্যাটকো মামলা কার্যক্রম স্থগিত করে হাইকোর্ট যে আদেশ দিয়েছিলো তা স্থগিতের জন্য সরকার ও দুদক সুপ্রিমকোর্টে আপিল দায়ের করেছে। মঙ্গলবার চেম্বার বিচারপতির আদালতে এর উপর শুনানি হবে।"
খালেদার জামিন স্থগিতের জন্য সরকারের আপিল দায়ের প্রসঙ্গে তার কৌসুলি ব্যারিস্টার রফিকুল হক সাংবাদিকদের বলেন, "এ ধরনের আদেশ স্থগিতের জন্য রাজনৈতিক সরকার আপিল করে, তত্ত্বাবধায়ক সরকারের আপিল করা উচিত নয়। খালেদা জিয়া সাব জেলে বন্দি রয়েছেন। তিনি তো দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছেন না।"
তবে হাইকোর্টের রায় স্থগিতের নজির কোনো সভ্য দেশে নেই বলে মন্তব্য করেন তিনি।
রোববার গ্যাটকো দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার অন্তর্বতীকালীন জামিন মঞ্জুর করে হাইকোর্ট আদেশ দেয়। একইসঙ্গে এ মামলার কার্যক্রম স্থগিত করারও নির্দেশ দেয় আদালত।
বিচারপতি শাহ আবু নাইম মোমিনুর রহমান ও জুবায়ের রহমান চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ খালেদা জিয়ার রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এসব আদেশ দেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/এএল/এমএ/১৬০৫ঘ.
bdnews24