'বিচার বিভাগ পৃথক করতে আরো ১০ দিন সময় লাগবে'
নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকের প্রক্রিয়া শেষ করতে আরও ১০ দিন লাগবে। আটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী বুধবার তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে সুপ্রিমকোর্টে এ তথ্য দিয়েছেন। আ্যাটর্নি জেনারেল জানিয়েছেন সুপ্রিমকোর্টের নির্দেশে সরকার বিচার বিভাগীয় চাকুরি সংক্রান্ত চারটি বিধিমালা জারি করলেও ম্যাজিস্ট্রেটদের প্রতিস্থাপন সংক্রান্ত ফৌজদারি কার্যবিধির গুরুত্বপূর্ণ সংশোধনী এখনও জারি করা হয়নি।
এদিকে সরকারের জারি করা জুডিশিয়াল সার্ভিস সংক্রান্ত চারটি বিধিমালা আগামি রোববারের মধ্যে আদালতে উপস্থাপনের জন্য আপিল বিভাগ সরকারকে নির্দেশ দিয়েছেন।
আদালত বিচার বিভাগ পৃথক করতে ফৌজদারি কার্যবিধি সংশোধনী করার জন্য সরকারকে তাগিদ দিলে অ্যাটর্নি জেনারেল জানান, আাগামী ১০ দিনের মধ্যে ফৌজদারি কার্যবিধি সংশোধনী সম্পন্ন করা হবে। বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
প্রধান বিচারপতি সৈয়দ জে. আর. মোদাচ্ছির হোসেনের নেতৃত্বে ৭ সদস্যের আপিল বিভাগের পুর্ণাঙ্গ বেঞ্চ বুধবার সকাল ৯টা ৪০ মিনিটে দিনের প্রথম কার্যসূচি হিসেবে বিচার বিভাগ আলাদা করার মামলাটির কার্যক্রম শুরু করেন।
শুরুতেই অ্যাটর্নি জেনারেল এজে মোহাম্মদ আলী চারটি বিধির একটি সাত বিচারকের কাছে উপস্থাপন করে বলেন, অন্যান্য বিধিগুলো ছাপা হচ্ছে। একটা এসেছে তিনটা এখনো ছাপাখানায় রয়েছে।
আদালত বলেন, বাকি বিধিগুলো দিচ্ছেন না কেন? এটাতো পে-কমিশনের বিধিমালা। জুডিশিয়াল সার্ভিস কমিশন বিধিমালা কোথায়?
জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, আদালতের সংশোধিত বিধিমালাগুলো ছাপা শুরু হয়েছে। কিছুক্ষণের মধ্যেই চলে আসবে।
আদালত বলেন, আমরা ওইগুলো দেখতে চাই। এ সময় আদালত সরকারের গৃহীত পদক্ষেপের প্রশংসা করে বলেন, "সুন্দর সকাল দেখে বোঝা যায় দিন কেমন যাবে? (মর্নিং শোজ দ্য ডে)।”
জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, “ উজ্জ্বল দিন (ব্রাইট সানি ডে)। ”
পরে আদালত ফৌজদারি কার্যবিধি সংশোধনীসহ সব বিধি কখন পাওয়া যাবে জানতে চাইলে অ্যাটর্নি জেনারেল বলেন, বিধিগুলো আজই পাওয়া যাবে। ফৌজদারি কার্যবিধি সংশোধন করতে ১০ দিন সময় লাগবে। এ পর্যায়ে আদালত বলেন, রোববারের মধ্যে বিধিমালাগুলো এফিডেভিট আকারে জমা দিন। ফৌজদারি কার্যবিধি সংশোধনীর অগ্রগতি আদালতকে জানান।
একই সময়ে আদালত বিচার বিভাগ আলাদা করতে দেওয়া রায়ের আপব্যাখ্যাকারী ৯ সরকারি কর্মকর্তাকে রোববার পুনরায় আদালতে হাজির থাকার নির্দেশ দিয়েছেন।
মাযদার হোসেন মামলার বাদি পক্ষের আইনজীবী ব্যারিস্টার আমীর উল-ইসলাম আদালতে বলেন, ৪টি বিধি ও ফৌজদারী কার্যবিধি একসঙ্গে আদালতে উপস্থাপন করলেই বোঝা যাবে রায় থেকে কতটুকু বিচ্যুতি ঘটেছে। তবে তিনি ৪টি বিধিমালা আদালতের সময়সীমার মধ্যে জারি করায় সরকারের প্রশংসা করেন।
জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন অর্থ মন্ত্রণালয়, জুডিশিয়াল সার্ভিস কমিশন আইন মন্ত্রণালয়, জুডিশিয়াল সার্ভিস কমিশন (সার্ভিস গঠন, প্রবেশ পদে নিয়োগ, সাময়িক বরখাস্তকরণ, বরখাস্তকরণ ও অপসারণ) বিধিমালা ও জুডিশিয়াল সার্ভিস কমিশন (কর্মস্থল নির্ধারণ, পদোন্নতি, ছুটি মঞ্জুর, নিয়ন্ত্রণ, শৃঙ্খলাবিধান ও চাকরির অন্যান্য শর্তাবলী) বিধিমালা সংস্থাপন মন্ত্রণালয় থেকে জারি করা হয়।
২০০৩ সালের ২৬ জানুয়ারি আপিল বিভাগ মাযদার হোসেন মামলার রায়ের আলোকে বিধিমালাগুলো সংশোধন করে দেওয়ার ৪ বছর পর সরকার এটা জারি করল।
১৯৯৯ সালের ২ ডিসেম্বর নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করার জন্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সরকারকে ১২ দফা নির্দেশনা দেয়। এ রায়ে বাস্তবায়নের জন্য সরকারকে বারবার সময় বেঁধে দিলেও বিভিন্ন সরকার ( আওয়ামী লীগ ৭ বার তত্ত্বাবধায়ক সরকার ৩বার, বিএনপি ১৬ বার) অন্তত ২৬ বার সময় নিলেও এখন পর্যন্ত বিচার বিভাগে আলাদা হয়নি।
আমীর-উল ইসলাম সাংবাদিকদের কাছে বিচার বিভাগের স্বাধীনতাকে কার্যকর করার জন্য জুডিশিয়াল রিফর্ম কমিশন গঠন করার দাবি জানিয়ে বলেন, দলীয় মনোভাবের উর্দ্ধে থেকে এ কমিশন গঠন করতে হবে। ব্যারিস্টার আমীর বলেন, বিচার বিভাগ স্বাধীন হয়েছে কিনা-তা বলতে আমি প্রস্তুত নই।
