২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সশস্ত্রবাহিনী সংঘাত থেকে দেশকে রক্ষা করেছে: ১৪ দল

আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট বলেছে সামরিক বাহিনী দেশ ও জাতিকে ২২ জানুয়ারির একতরফা ও সংঘাতপূর্ণ নির্বাচন থেকে রক্ষা করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2007, 10:25 PM

Updated : 26 Apr 2022, 01:57 PM

জোটের সমন্বয়ক আব্দুুল জলিল রোববার রাতে সাংবাদিকদের বলেন, “তত্ত্বাবধায়ক সরকার পুনর্গঠনে আমাদের সশস্ত্রবাহিনী যে গৌরবোজ্জ্বল ভূমিকা রেখেছে তা দেশ ও জাতিকে একতরফা, সংঘাত ও সংঘর্ষপূর্ণ ২২ জানুয়ারির নির্বাচন থেকে রক্ষা করেছে। সেজন্য আমরা তাদের ধন্যবাদ জানাই।

“এখন জাতি আশা করে দূর্নীতির মাধ্যমে যারা জনগণের সম্পদ লুট করেছে তাদের গ্রেফতার করে লুন্ঠিত সম্পদ পুনরুদ্ধার করা হবে।”

আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে রোববার রাতে এক লিখিত বিবৃতিতে সাড়ে ন’টার দিকে তিনি একথা বলেন।

এর আগে ১৪ দলের বৈঠক শেষে আব্দুল জলিল সাংবাদিকদের বলেন, তাঁর দল এবং জোট আশা করে নতুন তত্ত্বাবধায়ক সরকার সংবিধান অনুযায়ী ‘নির্দিষ্ট সময়ের” মধ্যে একটি অবাধ, সুষ্টু ও নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করবে ।

প্রধান উপদেষ্টার পদ থেকে ইয়াজউদ্দিন আহম্মেদের পদত্যাগ এবং নতুন তত্ত্বাবধায়ক সরকার গঠিত হওয়ার পর আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল রোববার প্রথম আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানালো।

তিনি বলেন, “আমরা সংবিধান, গনতন্ত্র, নির্বাচন ও জনগণের মৌলিক অধিকারে বিশ্বাসী। জনগণের দাবির পরিপ্র্রেক্ষিতে ইয়াজউদ্দিন আহমেদের ভাষণ ও প্রধান উপদেষ্টার পদ থেকে তার পদত্যাগ জনগণেরই নৈতিক বিজয় বলে আমরা মনে করি। তার বক্তব্য আন্দোলনের যৌক্তিকতা প্রমাণ করেছে।

“আমরা আশা করি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করবে নতুন তত্ত্বাবধায়ক সরকার। এ লক্ষ্যে নির্বাচন কমিশন পুনর্গঠন, প্রশাসন নির্দলীয়করণ এবং সুষ্ঠু ও সঠিক ভোটার তালিকা প্রণয়ন করে তত্ত্বাবধায়ক সরকার নির্দিষ্ট সময়ে নির্বাচন অনুষ্ঠিত করবে।”

নির্দিষ্ট সময় বলতে কি বোঝাচ্ছেন জানতে চাইলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, “সংবিধানে নির্দিষ্ট সময় বলতে যে কথা বলা আছে, নির্দিষ্ট সময় বলতে সেটাই বোঝায়। আমরা সংবিধানের কথা বলছি।”

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে ১৪ দলের বৈঠকটি অনুষ্টিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন, রাশেদ খান মেনন, তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত, হাসানুল হক ইনু, দিলীপ বড়–য়া, শেখ ফজলুল করিম সেলিম, নুরুল ইসলাম প্রমুখ।