২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউনূসের বক্তব্য দুঃখজনক ও অপ্রত্যাশিত ঃ মান্নান ভূঁইয়া

রাজনীতিবিদদের নিয়ে ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্যের সমালোচনা করছেন বিএনপি মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়াও। তিনি বলেছেন “রাজনীতিবিদরা শুধু অর্থের জন্য রাজনীতি করেন, এখানে কোনো আর্দশ নেই”ÑÑইউনূসের এই কথা দুঃখজনক ও অপ্রত্যাশিত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2007, 09:55 PM

Updated : 26 Apr 2022, 01:57 PM

শুক্রবার রাতে এক বিবৃতিতে তিনি বলেন, “রাজনীতি একটি মহৎ পেশা। জনগণ ও সমাজের সেবা করার সর্বোচ্চ মাধ্যম। কিছু মন্দ ব্যক্তির তৎপরতা অন্যান্য পেশার মতো এই পেশাকেও প্রশ্নবিদ্ধ করেছে। কিন্তু তাই বলে রাজনীতি ও রাজনীতিবিদরা আদর্শহীন হয়ে গেছেন-এমন মন্তব্য ঠিক নয়।”

মান্নান ভূঁইয়া দেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে লক্ষ মানুষের লড়াই--সংগ্রামের রাজনীতির ইতিহাসের কথা তুলে ধরে বলেন, সেই ইতিহাস বিশ্ববাসীর শ্রদ্ধা অর্জন করেছে।   রাজনীতিবিদরা কেবল অর্থের জন্য রাজনীতি করেন এমন অভিযোগের কোনো সত্যতা নেই।

তিনি বলেন, দেশ--বিদেশে বিভিন্ন শ্রেণী--পেশার মানুষের মতো রাজনীতিতেও ভাল--মন্দ মানুষের সমাবেশ ঘটেছে। তাই বলে একটি বিশেষ কাজে নিয়োজিত ব্যাক্তিদের সম্পর্কে ঢালাও মন্তব্য ড. ইউনূসের মতো বিচক্ষণ মানুষের কাছ থেকে আশা করা যায় না।

প্রসঙ্গত, সম্প্রতি ফরাসী বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে  অধ্যাপক ইউনূস বাংলাদেশের রাজনীতিবিদদের নিয়ে খোলাখুলি নানা মন্তব্য করেন। শুক্রবার  আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিলও তার ওই সাক্ষাৎকারের কড়া সমালোচনা করে বলেছেন, “ইউনূসের যুদ্ধংদেহী মনোভাবে আমরা চিন্তিত।”