পরিস্থিতি পর্যবেক্ষণ করছে আ. লীগ: সুরঞ্জিত সেনগুপ্ত
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত শনিবার বলেছেন, রাষ্ট্রপতির জরুরি অবস্থা জারি এবং পরবর্তীতে নতুন তত্ত্বাবধায়ক সরকার নিয়োগের প্রেক্ষিতে পুরো পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে আওয়ামী লীগ।
তবে সুনির্দিষ্টভাবে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজী হননি।
এদিকে শনিবার বিকেলে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্যরা ধানমন্ডির সুধাসদনে শেখ হাসিনার সঙ্গে দেখা করেন। জিল্লুর রহমান, আবদুল জলিল, তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত দলের সভানেত্রীর সঙ্গে সর্বশেষ পরিস্থিতি নিয়ে বৈঠক করেছেন বলে জানা গেছে। তারা প্রায় দু’ঘন্টা সেখানে অবস্থান করেন।
কিন্তু সুধা সদন থেকে বেরিয়ে যাওয়ার সময় আবদুল জলিল সাংবাদিকদের কাছে কোনো মন্তব্য করতে রাজী হননি।
তবে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, “এখনও আমরা পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছি। সামগ্রিকভাবে পর্যবেক্ষণ করে যখন আমাদের বলার সময় আসবে তখনই আমরা বলবো।”
