রাজশাহী ও হবিগঞ্জে সেনা অভিযানে আটক ৫, অস্ত্র উদ্ধার
রাজশাহীতে সেনা সদস্যরা অভিযান চালিয়ে সন্দেহভজন পাঁচ ব্যক্তিকে আটক এবং একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে।
এদিকে হবিগঞ্জের অভিযানে কয়েকজন স্থানীয় নেতাকে আটক করার চেষ্টা করা হলেও শেষপর্যন্ত তাদের ধরা যায়নি। নফহবংি২৪.পড়স এর জেলা প্রতিনিধিরা এসব তথ্য জানান।
রাজশাহীর অভিযানে একই সঙ্গে র্যাব ও পুলিশ সদস্যরাও অংশ নেয়।
পুলিশ জানায়, রাজশাহীতে শুক্রবার রাত থেকে শনিবার দুপুর পর্যন্ত সেনা সদস্যরা জেলার বিভিন্ন রাজনৈতিক নেতা -- কর্মীর বাড়িতে তল্লাশি চালায়। শুক্রবার গভীর রাতে দুর্গাপুর থানা পুলিশ অভিযান চালিয়ে সিঙ্গা গ্রাম থেকে বিএনপি নেতা আকবর আলীকে এবং র্যাব সদস্যরা স্বেচ্ছাসেবক লীগ নেতা মোজাম্মেল হককে তার বাড়ি পানানগর থেকে আটক করে।
র্যাব মোজাম্মেলের কাছ থেকে একটি অত্যাধুনিক রিভলবার উদ্ধার করে।
এ ছাড়া সেনা সদস্যরা দুর্গাপুর উপজেলার জয়কৃষ্ণপুর গ্রাম থেকে মাহাবুর ও মাড়িয়া গ্রাম থেকে এনামুল নামের দুই ছাত্রদল নেতা এবং চারঘাট থেকে ছাত্রদল নেতা নাজমুলকে আটক করেছে।
রাজশাহী মহানগরীতে সেনা অভিযানে আটক নগরীর কথিত শীর্ষ সন্ত্রাসী মনিরুজ্জামান শরিফকে শনিবার দুপুরে বোয়ালিয়া থানা পুলিশ ৫৪ ধারায় চালান দিয়েছে।
অপরদিকে হবিগঞ্জে শুক্রবার রাত দেড়টার দিকে নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী গোলাম মাওলার শায়েস্তা নগরের বাসায় এবং জেলা ছাত্রলীগের সহ সভাপতি মাসুদুর রহমান মামুনের রাজনগরের বাসায় সেনা অভিযান চালানো হয়।
তবে তাদের কাউকেই পাওয়া যায়নি।
গোলাম মাওলা পৌর চেয়ারম্যান আলহাজ্ব জি কে গউছের ছোট ভাই।
লেফটেনেন্ট কর্নেল মনিরুল ইসলাম আখন্দ জানান, গোলাম মাওলা তালিকাভুক্ত সন্ত্রাসী ও অবৈধ অস্ত্রধারী।
