২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নানকসহ ১৯ নেতাকর্মীর আগাম জামিন

জামায়াত কর্মী হত্যা মামলায় যুবলীগ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির নানক, ছাত্রলীগ সাধারণ সম্পাদক মাহফুজুর হায়দার রোটনসহ ১৯ যুবলীগ ও ছাত্রলীগ নেতা-কর্মীকে ৬ মাসের আগাম অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছে হাইকোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2007, 09:31 PM

Updated : 26 Apr 2022, 01:56 PM

বৃহস্পতিবার বিচারপতি মো. আবদুল ওয়াহাব মিয়া ও বিচারপতি মো. এমদাদুল হক সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এই আদেশ প্রদান করে।

চারদলীয় জোট সরকার ক্ষমতা ত্যাগের পর গত ২৮ অক্টোবর পল্টন এলাকায় আওয়ামী লীগ ও জামায়াতের সংঘর্ষে জামায়াত কর্মী নিহত হওয়ার ঘটনায় ২৯ অক্টোবর পল্টন থানায় জামায়াত নেতা সিরাজুল ইসলাম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল জলিলসহ ৩৫ নেতার বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করে। তাদের সকলকে ইতোপূর্বে আদালত জামিন মঞ্জুর করেছে।

একই ঘটনায় গত ৩ নভেম্বর শামসুল আলম মাহবুব নামের আরেক জামায়াত নেতা আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা, জাহাঙ্গীর কবির নামক, মাহফুজুর হায়দার রোটনসহ ২৩ জনের বিরুদ্ধে পল্টন থানায় আরেকটি এজাহার দায়ের করে।

ঢাকার সিএমএস আদালত গত ৮ নভেম্বর এই এজাহারকে মূল মামলার এজাহারের সঙ্গে যুক্ত করার নির্দেশ দেয়।

নানক, রোটনসহ যুবলীগ ছাত্রলীগ নেতা কর্মীদের পক্ষে জামিন আবেদনটি পরিচালনা করেন এডভোকেট আবদুল মতিন খসরু। তাকে সহায়তা করেন মামুনুর রশিদ।