নির্বাচন ঠেকাতে হাসিনার কঠোর কর্মসূচি
নির্বাচন বাতিলের দাবিতে কঠোর কর্মসূচির ঘোষণা দিয়েছে মহাজোট। বুধবার বিকেলে পল্টন ময়দানের জনসভায় মহাজোট নেত্রী শেখ হাসিনা ১১ জাুনয়ারি বিক্ষোভ কর্মসূচি, ১৪ জানুয়ারি থেকে লাগাতার বঙ্গভবন ঘেরাও এবং ১৪, ১৫, ১৭ ও ১৮ জানুয়ারি দেশব্যাপী অবরোধের ডাক দেন। ২১ ও ২২ জানুয়ারি সর্বাত্মক হরতাল পালন করবে তারা। এরপরও নির্বাচন হলে ২২ জানুয়ারির পর থেকে হরতালসহ লাগাতার কর্মসূচি চলতে থাকবে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আয়োজিত সমাবেশ থেকেই এসব কর্মসূচি ঘোষণা করেন শেখ হাসিনা।
দেশবাসীর উদ্দেশে হাসিনা বলেন, “কোনো ভোটার ভোট কেন্দ্রে যাবেন না। নির্বাচনে অংশ নেবেন না। যারা এই নির্বাচনে অংশ নেবেন তারা গণদুশমন হিসাবে চিহ্ন হবেন।”
সমাবেশে তার সঙ্গে ছিলেন সাবেক দুই রাষ্ট্রপতি এইচ এম এরশাদ ও বদরুদ্দোজা চৌধুরী। এই দুইজন এবারই প্রথম বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করলেন। শেখ হাসিনার সভাপতিত্বে মহাজোটের পক্ষ থেকে আরো বক্তব্য রাখেন সৈয়দা সাজেদা চৌধুরী, আমির হোসেন আমু, আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমেদ, আব্দুল জলিল, রাশেদ খান মেনন, কর্ণেল(অব.)অলি আহমেদ, হাসানুল হক ইনু, কাজী জাফর আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত, মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, মেজর(অব.)আব্দুল মান্নান, মোস্তফা আমির ফয়সাল, রুহুল আমিন হাওলাদার, নুরুল ইসলাম, দিলীপ বড়–য়া প্রমুখ।
নির্বাচন করার জন্য আওয়ামী লীগের নেতৃত্বে জোটবদ্ধ দলগুলো রাজনৈতিক ময়দানে কীভাবে যুথবদ্ধ আন্দোলন করে তা দেখার জন্য সবার নজরই ছিল পল্টন ময়দানের দিকে।
বঙ্গবন্ধুর দেশে প্রত্যাবর্তনের প্রেক্ষাপট বর্ণনা করে হাসিনা বলেন, তার বাবার হত্যাকাণ্ডের পর এদেশের জনগণকে বারবার গণতন্ত্র ও অধিকার আদায়ের জন্য সংগ্রাম করে যেতে হয়েছে। এসময় মঞ্চে বসে থাকা দুই সাবেক রাষ্ট্রপতি চুপ করে তার বক্তব্য শুনছিলেন।
রাষ্ট্রপতি ইয়াজউদ্দিনের কড়া সমালোচনা করে হাসিনা বলেন, হাওয়া ভবনের ইশারায় সংবিধান লঙ্ঘন করে প্রধান উপদেষ্টা হয়ে তিনি এখন বাংলার মানুষের ভোটের অধিকার চুরির উপায় খুঁজছেন।
রাষ্ট্রপতিকে ইয়েসউদ্দিন সম্বোধন করে হাসিনা বলেন,“ভারপ্রাপ্ত নির্বাচন কমিশনারই বলে দিয়েছেন , ২২ জানুয়ারি সংঘাত হলে তার দায় তত্ত্বাবধায়ক সরকারের। নির্বাচন নিয়ে সংঘাতের দায় কেউই নেবে না, এমনকি হাওয়া ভবনও নেবে না।”
মহাজোট নির্বাচন বর্জন করায় দেশ ও বিদেশে এর গ্রহণযোগ্যতা একেবারে কমে গেছে বলে দাবি করে হাসিনা বলেন, কেউ এ নির্বাচন দেখতে আসবে না।
আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের সাবধান করে দিয়ে তিনি বলেন, বিএনপি-জামায়াত জোট সরকারের বাহিনীর মত যারা কাজ করছেন তাদের চিনে রাখা হবে-ছবি তুলে রাখা হবে। হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি আরো বলেন, এক মাঘে শীত যায় না।
হাসিনার দাবি, চাল--ডাল--তেল--লবণসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কৃত্রিমভাবে বাড়িয়ে অসৎ বিএনপি ও জামায়াত জোট এদেশের জনগণের দুই লাখ ৮৬ হাজার কোটি টাকা লুটে নিয়েছে। এখন ওই চক্রটিই আবার ভোট চুরি করে ক্ষমতায় আসার ষড়যন্ত্র করছে।
সংবিধান রক্ষায় বিএনপি-জামায়াতের অতি উৎসাহের সমালোচনা করে হাসিনা বলেন, সংবিধানে আছে যে, প্রজাতন্ত্রের মালিক জনগণ। জনগণের ভোটের অধিকার না থাকলে সংবিধান আবার কী? বিএনপি-জামায়াত জনগণের ভোটের অধিকার চুরি করে সংবিধান রক্ষা করতে চায়।
হাসিনার মতে ভোটার তালিকা না করে নির্বাচনী তফসিল ঘোষনার দিনই সংবিধান লঙ্ঘন করা হয়েছে।
২০০১ সালে সংসদে দেওয়া তার বক্তব্য উদ্ধৃত করে ৯০ দিনের মধ্যেই নির্বাচন করতে হবে বিএনপি-জামাতের এই প্রচারণার বিষয়টিও বক্তব্যে তুলে ধরেন হাসিনা। তিনি বলেন, একটি নির্ভুল ভোটার তালিকা, নিরপেক্ষ নির্বাচন কমিশন থাকায় সেসময় নির্বাচনের সুষ্ঠু পরিবেশ ছিল। আর এবার নির্বাচনের ১০ দিন আগেও সঠিক ভোটার তালিকা পাওয়া যাচ্ছে না।
শেখ হাসিনার আগে বক্তৃতা করতে এসে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ বঙ্গবন্ধুকে বাংলার সর্বশ্রেষ্ঠ সন্তান হিসাবে আখ্যায়িত করেন। আওয়ামী লীগ সভানেত্রীকে উদ্দেশ করে তিনি বলেন,“যে দেশ আপনার পিতা স্বাধীন করেছিল, তা মুক্ত করার দায়িত্ব এখন আপনার।”
মহাজোট নেতৃবৃন্দকে উদ্দেশ করে এরশাদ বলেন,“আমাকে শৃঙ্খলিত করার ষড়যন্ত্র হচ্ছে। আমার জন্য জেলের দরজা খোলা হচ্ছে। আমি এই মহাজোটের কাছে আত্মসমর্পণ করেছি। আমার দায়িত্ব এখন আপনাদের।”
তিনি বলেন, সব দলের অংশগ্রহণ ছাড়া দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না। সেনাবাহিনীকে কোনো দলের এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ না করার জন্যও তাদের প্রতি এরশাদ আহবান জানান।
এরশাদ বলেন,“শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও এই জালিমের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে বিজয় ছিনিয়ে আনবোই।”
আবেগী গলায় এক সময়ের স্বৈরশাসক তিনি বলেন, ষড়যন্ত্রের জাল ছিন্ন করতে না পারলে এটাই হয়তো তার শেষ সমাবেশ হবে।
লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী জনগণের প্রতি ঐক্যবদ্ধভাবে ২২ জানুয়ারির নির্বাচন প্রতিহত করার আহবান জানান।
তিনি বলেন, দেশের এতো বড় ক্রান্তিকাল এর আগে আর কখনো আসেনি। রাষ্ট্রপতি সংবিধান ভঙ্গ করে প্রধান উপদেষ্টা হয়েছেন। তিনি প্রতিনিয়ত সংবিধান লংঘন করে যাচ্ছেন।
সাবেক এই রাষ্ট্রপতি সেনাবাহিনীকে উদ্দেশ করে বলেন,“সামরিক বাহিনীর যে সব ভাইয়েরা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন আশা করি তারা জনতার পক্ষেই থাকবেন।”
