খালেদা জিয়ার সঙ্গে সাংবাদিক নেতাদের সাক্ষাত
জাতীয় প্রেসক্লাবের নব নির্বাচিত পরিচালনা কমিটি ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নেতৃবৃন্দ মঙ্গলবার সন্ধ্যায় বনানীর হাওয়া ভবনে বিএনপি চেয়ারপারসন খালেদার সঙ্গে সাক্ষাত করেছেন।
এ সময় খালেদা জিয়া কমিটির নব নির্বাচিত সদস্যদের অভিনন্দন জানান।
সাক্ষাত শেষে নবনির্বাচিত সভাপতি শওকত মাহমুদ সাংবাদিকদের বলেন, “চারদলীয় জোট আবার ক্ষমতায় এলে অবাধ তথ্য অধিকার আইন করার জন্য খালেদা জিয়ার কাছে দাবি জানিয়েছি। সেই সঙ্গে তার সরকারের সময়ে অবাধ তথ্য পাওয়ার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা না থাকায় অভিনন্দন জানিয়েছি।
তিনি আরও বলেন, “খালেদা জিয়া আমাদেরকে কথা দিয়েছেন আবার ক্ষমতায় তিনি অবাধ তথ্য প্রবাহ আইন পাশ করবেন।”
সাক্ষাতকালে প্রেসক্লাবের বর্তমান সভাপতি রিয়াজউদ্দিন আহমেদ, নবনির্বাচিত সভাপতি শওকত মাহমুদ, সাধারণ সম্পাদক কামাল উদ্দিন সবুজ, বিএফইউজে এর সভাপতি মোজাম্মেল হক, মহাসচিব রুহুল আমিন গাজী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সরদার ফরিদসহ নব নির্বাচিত পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
বিএনপির পক্ষে দলীয় মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া, সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোর্শেদ খান, মোসাদ্দেক আলী ফালু প্রমুখ উপস্থিত ছিলেন।
