২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একতরফা নির্বাচন আর্ন্তজাতিক গ্রহণযোগ্যতা পাবে না:বিউটেনিস

মার্কিন রাষ্ট্রদূত প্যাট্রিসিয়া এ বিউটেনিস বলেছেন বাংলাদেশে একতরফা নির্বাচন হলে তা গ্রহণযোগ্য হবে না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2007, 08:12 PM

Updated : 26 Apr 2022, 01:56 PM

সোমবার বিকেলে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদের সঙ্গে আলোচনা শেষে বিউটেনিস সাংবাদিকদের একথা বলেন।

মার্কিন রাষ্ট্রদূত বিকেল চারটায় এরশাদের বারিধারার বাসায় যান এবং একঘন্টা সেখানে অবস্থান করেন। এরপর এরশাদের সঙ্গে দেখা করেন ঢাকায় ইউরোপীয় কমিশনের রাষ্ট্রদূত ড. ষ্টেফান ফ্রোইন ও জার্মান রাষ্ট্রদূত ফ্রাঙ্ক মেয়েক।

বিউটেনিস বলেন, ” চলমান সংকট দূর করতে আমি বার বার রাজনৈতিক দলগুলোকে অনুরোধ জানিয়ে যাচ্ছি। কারণ সমস্যাটা রাজনৈতিক, কোনভাবেই এটা আইনি সমস্যা নয়।”

তিনি মনে করেন, রাজনৈতিক সদিচ্ছা থাকলে বর্তমান সংকট উত্তরণ সম্ভব।

এরশাদ সাংবাদিকদের জানান তার দল সবসময় অন্যান্য সব দলকে নিয়ে নির্বাচনে অংশ নিতে আগ্রহী।

তিনি বলেন, ” একতরফা নির্বাচন আর্ন্তজাতিকভাবে গ্রহণযোগ্য হবে না।”

সংকট উত্তরণে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোন প্রস্তাব দেয়া হয়েছে কিনা জানতে চাইলে এরশাদ সাংবাদিকদের এড়িয়ে যান।

মার্কিন রাষ্ট্রদূত এবং ইউরোপীয় কমিশন ও জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক দুটিতে জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য আনিসুল ইসলাম মাহমুদ ও গোলাম মসিহ উপস্থিত ছিলেন।