অবরোধের অন্যরূপ
রাসেল স্কয়ারের গাছের নীচে অলসভাবে গা ছেড়ে দিয়ে বসে আছে একদল পুলিশ। সবাই খোশগল্পে মশগুল। কাজ না থাকলে খোশগল্প করা কোনো অপরাধ না। ঠিক তেমনি মোবাইলে কথা বলাও অপরাধের পর্যায়ে পড়ে না। দাঙ্গা পোশাকে সুসজ্জিত একজনকে অনেকক্ষণ থেকেই দেখছিলাম তন্ময় হয়ে মোবাইলে চেষ্টা করেই যাচ্ছেন। মনোযোগ ছুটে গেলো রিং বেজে উঠতেই। পাশের জন ছোঁ মেরে নিয়ে গেলো মোবাইলটি। কে ফোন করেছে দেখে নিয়েই আকর্ণবিস্তৃত হাসি দিয়ে সেটটি ফেরত দিলো তাকে।
“ধরেন, ভাবি ফোন করেছে। কথা শর্ট কইরেন।”
মুখ হাসি হাসি হয়ে গেলো তারও (ছাই রংয়ের জ্যাকেটে নেমপ্লেট ঢাকা থাকায় নামটা জানা যায়নি)। ফোনটা ধরে ‘হ্যালো’ ‘হ্যালো’ করে এদিক--সেদিক তাকিয়ে একটু প্রাইভেসির জন্য রাস্তার উল্টোদিক ধরে হাঁটতে শুরু করলেন দাঙ্গা পুলিশটি।
ফোনে অন্যের ব্যক্তিগত আলাপ শোনা ঠিক না। তবুও আমার পাশ দিয়ে যাওয়ার সময় তার কিছু কথা আমার কানে ঢুকলো, “হ আইজকা শেখ সাবের বাড়ির সামনে। ... না বালা আছি....না আইজকা কুনু ঝামেলা নাই।”
আমিও এদিক সেদিক তাকালাম। নিস্তরঙ্গ নদীর মতো শান্ত চারদিক। আজ অবরোধের দ্বিতীয় দিন। বেলা আড়াইটা বাজে। রাসেল স্কয়ারে আজ গান বাজনার ব্যবস্থা নাই। ফলে লোকজনের জটলাও নাই।
একটু সামনে এগিয়ে কলাবাগান মাঠের রাস্তার পাশে দেখা মিললো সেনাবাহিনীর সাতটা গাড়ির। দুই তিনটায় হালকা মেশিনগান সেট করা। মনে হচ্ছে ওখানকার সেনা সদস্যরা আকাশপথে আক্রমণের আশঙ্কা করছেন। কারণ সবগুলো মেশিনগানের নল আকাশের দিকে তাক করা।
সেনাবাহিনীর গাড়িতে মেশিনগান বিষয়টা মেনে নেওয়া যায়। কিন্তু মেশিনগানের জায়গায় আস্ত একটা মাইক ফিট করা থাকলে বিষয়টা খুবই বেমানান লাগে। মিলিটারি কনভয়ের একেবারে সামনের গাড়িটার উপরে একটা লাল রংয়ের মাইক।
গাড়ির ওপর মাইক দেখা যায় সাধারণত পিকনিক পার্টির গাড়িতে। সেনাবাহিনী তো আর পিকনিক করতে বের হয়নি। তাহলে মাইক কেন? উত্তরটা পেলাম রাস্তার উল্টো দিকের চায়ের দোকানে দাঁড়ানো একজনের কাছে, “বুঝছেন, সেনাবাহিনী হইলো মানুষরে ডর দেহানোর লাইগা। হেরা কোনো অ্যাকশনে নাই। দেহেন না গন্ডগোল হয় রাসেল স্কয়ারে আর হেরা খাড়ায়া রইছে অতদূর। বেশী গ্যাঞ্জাম লাগলে মাইক দিয়া একটু প্যা পু করবো আরকি! কিছু করবো না জাইনাও সেনাবাহিনীরেও সবাই ডরায় বুঝলেন না!”
পুলিশ --র্যাবের নানা ধরনের রোডব্লক সবদিকে। এদিক যাওয়া যাবে তো সেদিক যাওয়া যাবে না। নিতান্ত প্রয়োজন না থাকলে লোকজন অবশ্য অন্য কোনোদিকে যাওয়ার চেষ্টাও করছে না। তবে গুলিস্তানের গোলচক্করে যাওয়ার চেষ্টা করলে আপনাকে বেশ ঝামেলায় পড়তে হবে। ওটা বেশ গরম জায়গা। পৌনে তিনটার দিকেও সেখানে জ্বালাময়ী ভাষণ আর গান বাজনায় টেকা দায়। অদ্ভুত সহাবস্থান এ দুটোর। দাঙ্গা পুলিশের একটা বিশাল গ্র“প সদা জাগ্রত অবস্থায় দাঁড়িয়ে এখানে। চারদিক থেকে ব্যারিকেড। ব্যারিকেডগুলো পাহারা দিচ্ছে তারা। একপাশে হলুদ রংয়ের জলকামানের একটা গাড়ি মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে।
জিরো পয়েন্ট থেকে আওয়ামী লীগ অফিসের দিকের রাস্তায় দুটো গ্র“পের অবস্থান। এক লেনে ছাত্রলীগ, অন্য লেনে গান বাজনা পার্টি। ছাত্রলীগকে যারা পাহারা দিচ্ছে তারা বেশ সতর্ক। কোনো ধরনের উল্টাপাল্টা দেখলেই শুরু হবে লাঠিচার্জ।
গান বাজনা পার্টির কাছে পুলিশের সংখ্যা বেশী। তারা এখানে ডিউটি পেয়ে বেশ আনন্দে আছে মনে হচ্ছে। এই গ্র“পের কাছ থেকে আপাতত হামলার আশঙ্কা নেই। কয়েকজন গানের তালে তালে মাথা দুলাচ্ছে। একজন তো ‘বন্দে মায়া লাগাইছে/ পিরীতি শিখাইছে...’ গানের প্যারোডি শুনে হাসতে হাসতে শেষ।
আধুনিক, লালনগীতি হেন কোনো গান নেই যা গাওয়া হচ্ছে না সেখানে। শুধু কি গান? নৃত্যও পরিবেশন করছেন উদ্ভট পোশাকের এক লোক। নৃত্য দেখে মনে হবে উনি অ্যাক্রোবেট শো করছেন। টাই, সানগ্লাস আর স্যুট পড়ে ঊনি যা করছেন তাতে গান ফ্লপ। নাচটাই হিট। বেশ বড়সড় ভিড় লেগে গেছে তাকে ঘিরে। লম্বা লাঠি হাতে এক পুলিশ ভিড় ঠেলে নাচ দেখার চেষ্টা করছেন।
চকচকে লম্বা লাঠি দেখে বেশ কৌতুহল হলো। কথা বলতেই জানা গেল অতি সম্প্রতি নাকি আড়াই থেকে তিন ফুট লাঠির পাশাপাশি এই ছয় ফুট লম্বা লাঠি সরবরাহ করা হচ্ছে দপ্তর থেকে। এতে নাকি বেশ সুবিধাও, এক পুলিশই বললেন, “এটা দিয়ে বেশ দূর থেকেই ঝামেলা সামলানো যায়। কিন্তু পিকেটাররা খুব বেশি কাছাকাছি চলে এলে প্যাচে পইড়া যাইতে হইবো মনে হয়।”
“লম্বা লাঠি ব্যবহার কি বাধ্যতামূলক?”
“না, না যার যেমন ইচ্ছা সেইটা নিতে পারে। অনেকে দেখেন না আগের লাঠিই রাখছে। অবশ্য যুত বেশী খাটোটাতেই।”
হঠাৎ ফিসফিসানি শোনা গেল, এইবার নাকি একটা হালকা লাঠিচার্জ হবে। বেশ উত্তেজনা নিয়ে উঠে দাঁড়ালাম। কিন্তু দুই মিনিটেই সব উত্তেজনা শেষ। পুলিশ আর আওয়ামী লীগের নেতারা সমঝোতায় পৌঁছে গেছে। সোয়া তিনটার আগেই তারা রাস্তা ছেড়ে দেবে। না ছাড়লেই....। দেখলাম প্রথমেই স্থান ত্যাগ করলো ছাত্রলীগ। গান বাজনার মাইক দখল করলো আওয়ামী লীগের মোফাজ্জল হোসেন মায়া, রহমতউল্লাহ এবং মতিয়া চৌধুরী। তারা জ্বালাময়ী ভাষণ দিলেন।
হারিকেনের নিচেই যেমন অন্ধকার তেমনি এই অবরোধের মধ্যেই দেখি জিরো পয়েন্টের পাশের হোটেল, ফোন ফ্যাক্স আর স্টেশনারি দোকানগুলো দিব্যি খোলা। হোটেলগুলোয় খিচুড়ি আর মোরগ পোলাও ধুম বিক্রি হচ্ছে। সবই মিটিং মিছিল করতে আসা লোকজন। সুন্দর সিস্টেম। মিটিং মিছিল করে ক্লান্ত ? খেতে বসে যান এখানে।
এই ভিড়ের ভেতর সিগারেট বিক্রি করছে ১২ কি সাড়ে ১২ বছরের আবদুল জলিল। তাকে জিজ্ঞেস করলাম বিক্রি বাট্টা কেমন। তার হাসি হাসি মুখ দেখে বোঝা গেল, খারাপ না। তাকে যেটাই জিজ্ঞেস করি, কোনো কথা বলে না। বললাম, “বলতো আজকে হরতাল না অবরোধ?”
এবার তার মুখে কথা ফুটলো, “অবরোধ”
“বলতো দেখি হরতাল কি আর অবরোধ কি?”
“উমমমম.. .মানে হরতাল অইলো সব বন্দ থাকবো এদিন আর অবরোধ হইলো উমমমম... মানে এদিনও সব বন্ধ থাকবো।”
“তারমানে তো দুইটা একই দাড়াইলো।”
“হ দুইডা একই।”
জলিল ঠিক কথাই বলেছে মনে হয়। কিন্তু দুঃখ হলো সব জলিল ঠিক কথা বলে না।
এক পুলিশ অফিসার জলিলকে ডাক দিলো সিগারেটের জন্য। এই অফিসারটা আবার একটু অন্যরকম। সবাই পরে আছে একটা করে কালো হেলমেট আর উনি পড়ে আছেন লাল রংয়ের সেফটিমেট হেলমেট। সাধারণত মটর সাইকেল আরোহীরা এধরনের হেলমেট পড়ে। অদ্ভুত লাগছে তাকে।
অবশ্য চারপাশের সবকিছুইতো এখন অদ্ভুত। অদ্ভুত ভাবে চলছে সবকিছু।
