নির্বাচন পেছাতে দলগুলো একমত হলেও সংবিধান বদলাবো কীভাবে: ভারপ্রাপ্ত সিইসি
ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) মাহফুজুর রহমান স্পষ্ট জানিয়ে দিলেন, সব রাজনৈতিক দল একমত হলেও নির্ধারিত সময়ের পরে নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই।
সোমবার বিকেলে কমিশন সচিবালয় থেকে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাহফুজুর রহমান পাল্টা প্রশ্ন করেন, “সব দল এক হলেও সংবিধান বদলাবো কীভাবে?”
সংঘাতমূলক রাজনৈতিক অচলাবস্থা নিরসনে ৯০ দিনের পরে নির্বাচন করার জন্য উপদেষ্টারা যখন নানা উদ্যোগ নিচ্ছেন, তখন নির্বাচন করতে সাংবিধান বাধ্যবাধকতার কথা মনে করিয়ে দিলেন মাহফুজুর রহমান।
গত বছরের ২৮ অক্টোবর প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সরকার ক্ষমতা ছেড়ে দেওয়ার পর ২৫ জানুয়ারির মধ্যে নির্বাচন অনুষ্ঠানের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।
রোববারই কৃষি উপদেষ্টা সফিকুল হক চৌধুরী সাংবাদিকদের জানান, নির্বাচন পেছানোর বিষয়ে দুই প্রধান রাজনৈতিক জোট একমত হলে রাষ্ট্রপতিকে এ বিষয়ে সর্বোচ্চ আদালতের মতামত, অর্থাৎ সুপ্রিম কোর্টের রেফারেন্স নেওয়ার জন্য তারা অনুরোধ করবেন।
একই দিন নির্বাচন পেছানোতে চার দলীয় জোটকে রাজি করাতে তিন উপদেষ্টা সফিকুল হক চৌধুরী, শোয়েব আহমেদ এবং মাহবুবুল আলম বিএনপির মহাসচিব মান্নান ভুঁইয়ার বাসায় যান।
