২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত প্রার্থীদের কারণে পরিস্থিতি জটিল হয়েছে: আজিজুল হক

মহাজোট নির্বাচন বর্জনের ঘোষণা দিয়ে প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়ার পর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত প্রার্থীদের কারণে রাজনৈতিক অচলাবস্থা নিরসনে নতুন জটিলতা সৃষ্টি হয়েছে বলে মনে করেন উপদেষ্টা আজিজুল হক ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2007, 05:25 PM

Updated : 26 Apr 2022, 01:56 PM

নামপ্রকাশে অনিচ্ছুক একটি সরকারি সূত্র জানায়, নির্ধারিত ৯০ দিনের পর নির্বাচন পেছানো হলে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত বলে ঘোষিতরা আদালতে যেতে পারেন বলে মনে করছেন উপদেষ্টাদের কেউ কেউ। 

উপদেষ্টা আজিজুল হক সোমবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের বলেন, সংকট থেকে উত্তরণের জন্য প্রধান উপদেষ্টা বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করছেন। আলোচনার মাধ্যমেই সমাধান বের করা হবে।

তত্ত্বাবধায়ক সরকারের গ্রহণযোগ্যতা প্রশ্নে তিনি বলেন, “তত্ত্বাবধায়ক সরকার শুরু থেকেই সব দলের অংশগ্রহণের মাধ্যমে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের চেষ্টা করছে এবং এখন পর্যন্ত সেই চেষ্টা অব্যাহত রেখেছে।”

আজিজুল হক বলেন, রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছালে সাংবিধানিক বাধ্যবাধকতা সংক্রান্ত সমস্যা থেকে উত্তরণ সম্ভব এবং এক্ষেত্রে সংকট থেকে উত্তরণের উপায় রাজনৈতিক দলগুলোকে চিহ্নিত করতে হবে।

সোমবার উপদেষ্টাদের নিয়মিত বৈঠক বাতিল প্রসঙ্গে তিনি বলেন, “বৈঠক বাতিল হয়েছে কথাটা ঠিক নয়। রাতেও বৈঠক হতে পারে। তিনি বলেন, বঙ্গভবন থেকে ডাক পাওয়ার অপেক্ষায় আছি।”

মহাজোট প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের ব্যাপারে আজিজুল হক বলেন, “তারা মনোনয়নপত্র কেন প্রত্যাহার করেছে তা সবাই জানে। আমি এ ব্যাপারে কিছু বলবো না।”

মহাজোটের ডাকা অবরোধের প্রথম দিনে গতকাল রাজধানীতে এক পিকেটারকে ধরে পুলিশের নির্মম নির্যাতনের ব্যাপারে প্রশ্ন করা হলে আজিজুল হক বলেন, “আমিও ছবিটি দেখেছি। এ ধরনের আচরণ কেন করা হয়েছে তা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাদের কাছে জানতে চাওয়া হবে।”