২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২৪ ঘন্টার মধ্যে নতুন প্রধান উপদেষ্টা চান ড. কামাল

কালক্ষেপন না করে নতুন, নিদর্লীয় ও নিরপেক্ষ প্রধান উপদেষ্টা নিয়োগের দাবি জানিয়েছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। তিনি ২৪ ঘন্টার মধ্যে এ দাবি পূরণ করার আহ্বান জানান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2007, 06:27 PM

Updated : 26 Apr 2022, 01:56 PM

গণফোরাম সভাপতি পরিষদের সভা শেষে বেইলি রোডের বাসভবনে রোববার বিকালে এক সংবাদ সম্মেলনে তিনি এই দাবি জানান।

ড. কামাল হোসেন বলেন, “বর্তমান রাজনৈতিক সংকট একটি গুরুতর আকার ধারণ করেছে। স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন ছাড়া সংবিধানসম্মত নির্বাচন সম্ভব নয়। আর সেজন্য প্রয়োজন নিদর্লীয় ও নিরপেক্ষ প্রধান উপদেষ্টা।”

তিনি ২২ জানুয়ারি অনুষ্ঠেয় সংসদ নিবার্চনকে ‘নাটকীয়’ অভিহিত করে এর সঙ্গে সেনাবাহিনীকে সম্পৃক্ত করার জন্য রাষ্ট্রপতির কঠোর সমালোচনা করেন।  

তাঁর ভাষায়, “রাষ্ট্রপতি এখন চারদলীয় জোটের পুতুল।”

ড. কামাল বলেন, “রাষ্ট্রপতি সম্পূর্ণ তাদের নিয়ন্ত্রণে। তাঁর পক্ষে সুষ্ঠু ও অবাধ নির্বাচন করা সম্ভব নয়।”

তিনি আরও বলেন, “রাষ্ট্রপতি সংবিধানের ভুল ব্যাখ্যা দিচ্ছেন। এটি হচ্ছে, ভূতের মুখে রাম নাম।”

গণফোরাম সভাপতি প্রশ্ন রেখে বলেন, “অসাংবিধানিকভাবে প্রধান উপদেষ্টার পদ দখল করে কীভাবে তিনি সংবিধান ব্যাখ্যা করেন? প্রতিনিয়ত নগ্নভাবে সংবিধান লংঘন করে অপব্যাখ্যা দিয়ে জাতিকে বিভ্রান্ত করার কোন অধিকার তার নেই।”

মহাজোটের সঙ্গে একাত্মতার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি সরাসরি কোনো উত্তর না দিয়ে শুধু বলেন, “ইয়াজউদ্দীনের পদত্যাগ ও অবাধ নির্বাচনের প্রশ্নেই আমি মহাজোটে  যোগ দিয়েছি।”

তবে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ ও শায়খুল হাদিসের সঙ্গে তাঁর ঐক্য সম্পর্কে বিভিন্ন প্রশ্ন তিনি এড়িয়ে যান।

প্রধান উপদেষ্টার পদত্যাগ দাবি সম্পর্কে তিনি বলেন, “প্রথম থেকেই আমরা এর বিরোধিতা করেছিলাম। পরে আমরা উদারতা দেখিয়ে প্রবীণ মানুষটিকে কিছু শর্ত পালন করে তাঁর নিরপেক্ষতা প্রমাণ করতে বলেছিলাম। কিন্তু তিনি নির্বাচন কমিশন থেকে শুরু করে সঠিক ভোটার তালিকা প্রণয়ন -- ইত্যাদি প্রতিটি ক্ষেত্রেই ব্যর্থ হয়েছেন।”

৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের যে সাংবিধানিক বাধ্যবাধকতা আছে, তাকে এড়াবেন কী করে? -- এ প্রশ্নের জবাবে ড. কামাল বিচারবিভাগ পৃথকীকরণের উদাহরণ দিয়ে বলেন, “আদালতের আশ্রয় নিয়ে নির্বাচনের জন্য বর্ধিত সময় পাওয়া সম্ভব।”

চারদলীয় জোট তাঁর ওই প্রস্তাব মানবে কীনা প্রশ্ন করা হলে তিনি বলেন, “জনগণের রাজনীতি করলে তাঁরা তা মানবেন; অন্যথায় ইউরোপিয়ান ইউনিয়নের কথা অনুযায়ী, তাঁরা একতরফা নির্বাচন আয়োজনের  দোষে দুষ্ট হবেন।”

সংবাদ সম্মেলনে পংকজ ভট্টাচার্য, প্রকৌশলী আবুল কাশেম, অ্যাডভোকেট আলতাফ হোসেন প্রমুখ দলীয় নেতারা উপস্থিত ছিলেন।