এফবিসিসিআই এর জরুরি অবস্থা জারির আহ্বান শীর্ষ ব্যবসায়ীদের প্রত্যাখান
চলমান রাজনৈতিক সংকট নিরসনে রাষ্ট্রপতিকে দেশে জরুরি অবস্থা ঘোষণা করতে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) আহ্বান প্রত্যাখান করেছেন দেশের শীর্ষ ব্যবসায়ী নেতারা।
এর বদলে তারা সব দলের অংশগ্রহণে একটি নির্বাচন কামনা করেছেন। অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান না হলে জাতি চরম দুর্ভোগের মুখে পড়বে বলেও তারা আশঙ্কা প্রকাশ করেন।
শনিবার ব্যবসায়ী নেতাদের জরুরি বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সাবেক সভাপতি আনিসুল হক বলেন, “এফবিসিসিআই এর সিদ্ধান্ত আমরা সমর্থন করি না। বিষয়টি নিয়ে আমরা নিজ নিজ ফোরামে আলোচনা করবো।”
এর আগে শনিবার সকালে দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠন এফবিসিসিআই এর পরিচালনা পরিষদের সভায় প্রয়োজনে দেশে জরুরি অবস্থা ঘোষণা করতে রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানানোর প্রেক্ষিতে শীর্ষ ব্যবসায়ী নেতারা তাদের অবস্থান জানালেন।
এফবিসিসিআইর এর ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আলী নফহবংি২৪.পড়স কে বলেন, “সব বিকল্প ব্যর্থ হলে, প্রয়োজনে দেশে জরুরি পরিস্থিতি জারি করা উচিত বলে আমরা রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানিয়েছি।”
তবে বাংলাদেশ ইন্টারন্যাশনাল চেম্বার্স অব কমার্স সভাপতি মাহবুবুর রহমান বলেছেন, “এটা আমাদের চিন্তারও বাইরে। এ ধরণের অনুরোধ জানাতে এফবিসিসিআইকে কোন বিষয়টি অনুপ্রাণিত করেছে তা আমরা জানি না।”
তিনি বলেন, “আমরা আগামী দু’দিনের অগ্রগতি পর্যবেক্ষণ করবো।” বিবদমান রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ চলমান রাজনৈতিক সংকট নিরসন করতে পারে বলেও তিনি মন্তব্য করেন।
মাহবুবুর রহমানের সভাপতিত্বে জরুরি এই বৈঠকে অন্যান্যের মধ্যে বাংলাদেশ নিটওয়্যার উৎপাদক ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ)’র সভাপতি মোঃ ফজলুল হক, বিজিএমইএ’র সভাপতি এসএম ফজলুল হক, বাংলাদেশ টেক্সটাইলস মিলস অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল হাই সরকার, ঢাকা চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি হুসাইন খালেদ, বাংলাদেশ চেম্বার্স অব ইন্ডাস্ট্রিজের সভাপতি একে আজাদ ও বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির সভাপতি এসএম শফিউজ্জামান উপস্থিত ছিলেন।
চলমান রাজনৈতিক সংকটের ফলে দেশের অর্থনীতি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বলে মাহবুবুর রহমান সতর্ক করে দেন।
তিনি বলেন, বিশৃঙ্খল রাজনৈতিক পরিস্থিতির মধ্যে চলতি অর্থবছরের অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষমাত্রা অর্জন অসম্ভব হয়ে পড়বে।
বাংলাদেশ ব্যাংক ২০০৬--০৭ অর্থবছরের জন্য অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষমাত্রা ৭ দশমিক ১ শতাংশ নির্ধারণ করেছে।
রহমান বলেন, “রাজনৈতিক পরিবেশ অস্থিতিশীল থাকলে আমাদের প্রবৃদ্ধি লক্ষমাত্রা অপূর্ণই থেকে যাবে।”
“শ্রীলংকার রাজনৈতিক সংঘাত তাদের রপ্তানিকে প্রভাবিত করেছে” জানিয়ে তিনি বলেন, “নৈরাজ্যের কারণে বিদেশি ক্রেতারা বাংলাদেশ ত্যাগ করলে আমাদের পক্ষে রপ্তানি আদেশ পাওয়া কঠিন হয়ে পড়বে।”
ব্যবসায়ীরা দ্বিধাবিভক্ত হয়ে পড়েছে কি--না প্রশ্নের জবাবে তিনি বলেন, “না তা নয়।”
বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের কার্যক্রমে সন্তুষ্ট কি--না প্রশ্ন করা হলে সরাসরি জবাব না দিয়ে মাহবুবুর রহমান বলেন, “আপনারা সবই জানেন।”
