দেশে ফিরে ড. কামালের জামিন আবেদন
একমাস পরে দেশে ফিরে সুপ্রিম কোর্টে ভাংচুরের ঘটনায় দায়ের করা রাষ্ট্রদ্রোহের মামলায় জামিনের আবেদন জানালেন সংবিধান প্রণেতা ড. কামাল হোসেন।
বৃহস্পতিবার হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চের বিচারপতি মীর হাসমত আলীর আদালতে জামিনের এ আবেদনটি নিয়ে গেলে আগামী রোববার এ বিষয়ে শুনানি হবে বলে জানিয়ে দেওয়া হয়।
ড: কামালের পক্ষে জামিন আবেদনটি নিয়ে বিচারপতির কোর্ট চেম্বারে যান এডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, ব্যারিস্টার সারা হোসেন, ড. শিরীন শারমিন চৌধুরী ও এডভোকেট এ এম আমিনউদ্দিন।
৩০ নভেম্বর সুপ্রিম কোর্টে ভাংচুরের ঘটনার সময় ড. কামাল হোসেন বিদেশে চলে যান। বৃহস্পতিবার সকাল ১০ টা ৫২ মিনিটে তিনি এ্যামিরেটসের ফ্লাইটে দেশে ফিরে আসেন।
তিনি বিমানবন্দর থেকে সুপ্রিম কোর্টে চলে আসেন। সুপ্রিম কোর্টে উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, “আমার বিরুদ্ধে যে মামলা হয়েছে তার কোন ভিত্তি নেই বলে আমি মনে করি।”
ড. কামাল সাংবাদিকদের প্রশ্ন করেন, “সুপ্রিম কোর্টের সেদিনের ঘটনায় আমার কী ভূমিকা ছিল?” তিনি আরো বলেন, “আমি এখনও আইন ও সংবিধানের ওপর নির্ভরশীল। আইন ও সংবিধানের পুরোপুরি আশ্রয় দাবি করব। সেই আশ্রয় নিয়ে বেঁচে থাকতে চাই।”
গত ৩০ নভেম্বর রাষ্ট্রপতির প্রধান উপদেষ্টার পদ গ্রহণের বৈধতা নিয়ে রিট মামলার ওপর আদেশ দেওয়ার সময় প্রধান বিচারপতি সৈয়দ জে আর মোদাচ্ছির হোসেন মামলার কার্যক্রম বন্ধ করে দিলে সুপ্রিম কোর্টে ব্যাপক ভাংচুরের ঘটনা ঘটে।
এরপর ৫ ডিসেম্বর শাহবাগ থানায় সুপ্রিম কোর্টের কোর্ট কিপার রফিকুল ইসলাম দায়ের করা রাষ্ট্রদ্রোহের মামলায় ড. কামাল হোসেন হাইকোর্টে আগাম জামিনের আবেদন জানান।
গত ১০ ডিসেম্বর এ মামলায় ব্যারিস্টার আমীর উল ইসলাম এবং ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদসহ আইনজীবীকে আগাম অন্তবর্তীকালীন জামিন মঞ্জুর করেছিল হাইকোর্ট।
এদিকে সুপ্রিম কোর্টে ভাংচুরের ঘটনায় ড: কামাল হোসেনসহ ১৩ আইনজীবীর বিরুদ্ধে গত ১১ ডিসেম্বর জারি করা আদালত অবমাননার রুলের অনুলিপি আদালত থেকে বৃহস্পতিবার সরবরাহ করা হয়েছে।
