২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘১০ জানুয়ারি থেকে সেনাবাহিনীর অস্ত্র উদ্ধার অভিযান’

অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য ২০ দিনের একটি পরিকল্পনা নিয়েছে সেনাবাহিনী। নির্বাচন শান্তিপূর্ণ ও সংঘাতমুক্ত করতে ১০ থেকে ২৯ জানুয়ারি সারাদেশে সেনাবাহিনী অস্ত্র উদ্ধার অভিযান চালাবে বলে জানালেন নির্বাচন কমিশন সচিব আব্দুর রশীদ সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2007, 06:40 PM

Updated : 26 Apr 2022, 01:55 PM

বৃহস্পতিবার দুপুরে কমিশন সচিবালয়ে নিজ কক্ষে সাংবাদিকদের এ তথ্য জানান আবদুর রশীদ সরকার।

সচিব বলেন, সেনা সদস্যরা মূলত নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে আইন -- শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করবে। জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশ অনুযায়ীই সেনাবাহিনী কাজ করবে।

নির্বাচনে র‌্যাব সদস্যদের ভোট কেন্দ্রে মোতায়েন করা হচ্ছে না জানিয়ে সচিব বলেন, “নির্বাচনে র‌্যাবকে কীভাবে ব্যবহার করা হবে, তা নির্ভর করছে পুলিশের মহাপরির্দশকের ওপর।”

আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট নির্বাচন বর্জন ও তা প্রতিহত করার ঘোষণা দেওয়ার পর ভোটারদের বাড়তি নিরাপত্তার জন্য কমিশনের নেওয়া উদ্যোগ সম্পর্কে সচিব বলেন, “জনগণের সহযোগিতা পেলে আলাদা নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার দরকার হবে না।”

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আশা করি সব রাজনৈতিক দলের মধ্যে শুভবুদ্ধির উদয় হবে; আশা করবো সংঘাতময় কোনো পরিস্থিতির সৃষ্টি হবে না।”

এক দলীয় নির্বাচন সম্পর্কে আবদুর রশীদ সরকার বলেন, “এ রকম অবস্থায় নির্বাচন করতে কারোরই ভাল লাগার কথা নয়। কিন্তু সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে আমাদের হাত -- পা বাঁধা, করার কিছু নেই।”

তিনি আরও বলেন, “সব দল নির্বাচনে অংশ না নিলে যে স্বতঃস্ফূর্ততা থাকার কথা, স্বাভাবিকভাবেই তা বাধাগ্রস্ত হবে। তবে চেষ্টা করা হবে একটি সফল নির্বাচন অনুষ্ঠানের জন্য।”

কমিশন সচিব আব্দুর রশীদ সরকার জানান, নির্বাচনের জন্য কমিশনের পূর্ণ প্রস্তুতি আছে। ভোট অনুষ্ঠানের জন্য বিভিন্ন নির্বাচনী মালামাল কেনা শেষ হয়েছে। যেকোনো সময় এগুলো জেলায় জেলায় পাঠানো হবে। আজকালের মধ্যে ব্যালট পেপার ছাপার কাজ শুরু হবে।

তিনি স্বীকার করে বলেন,  “ভোটার তালিকা ছাপার কাজ এখনো শেষ হয়নি। নির্বাচনের আগেই এই তালিকা ছাপার কাজ যে শেষ হতে হবে, তা নয়। ১৯৯১ সালেও নির্বাচনের শেষ সময়ে এসে ২/১ দিন আগে তালিকা ছাপার কাজ শেষ হয়েছে। কাজেই এটি কোনো সমস্যা নয়।”

মহাজোট ত্র“টিপূর্ণ ভোটার তালিকা যে অভিযোগ করেছে, সে প্রসঙ্গে কমিশন সচিব বলেন,  কোনো প্রার্থীকে মৃত হিসেবে ভোটার তালিকায় দেখানোর মতো ভুল হতেই পারে। তবে এ সব ভুল সুস্পষ্টভাবে তুলে ধরলে তা নির্বাচনের আগের দিন পর্যন্ত সংশোধন করা সম্ভব। এটি কোনো বড় সমস্যা নয়। হালনাগাদ ভোটার তালিকায় ত্র“টি থাকা অবাস্তব নয়।”