২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৪ দলের নির্বাচন বর্জন দুঃখজনক: মান্নান ভূঁইয়া

বিএনপি মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া ১৪ দলের নির্বাচন বর্জনের ঘোষণাকে বর্ণনা করেছেন ‘দুঃখজনক ও হতাশাব্যঞ্জক’ হিসেবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2007, 08:16 PM

Updated : 26 Apr 2022, 01:55 PM

একই সঙ্গে তিনি সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষায় যথাসময়ে নির্বাচন অনুষ্ঠানের কথা আবারও বলেছেন।

তিনি বলেন, “নির্বাচন অনুষ্ঠানের বাইরে বর্তমান অবস্থায় অন্য কোনো কিছু করার সুযোগ নেই। নির্বাচন না হলে যে অবস্থা হবে তা দেশের জন্য ক্ষতিকর হতে পারে।”

বুধবার সন্ধ্যায় হাওয়া ভবনে এক সংবাদ সম্মেলনে ১৪ দলের নির্বাচন বর্জনের ঘোষণায় প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি এসব কথা বলেন।

মান্নান ভূঁইয়া বলেন, “আমরা চাই সংবিধানের ধারাবাহিকতা অব্যাহত থাকুক। সে জন্য নির্দিষ্ট সময়ে নির্বাচনের কোনো বিকল্প নেই।”

১৪ দলের সিদ্ধান্তের সমালোচনা করে তিনি বলেন, “নির্বাচনের দায় দায়িত্ব তত্ত্বাবধায় সরকারের। রাজনৈতিক দলগুলো সেই নির্বাচনে অংশ নেবে। কিন্তু কাউকে নির্বাচন করা থেকে বিরত রাখার চেষ্টা করা হলে, আমরা রাজনৈতিকভাবে তা মোকাবেলা করবো।”

তিনি ১৪ দলের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কথা উল্লেখ করে বলেন, “এতে জাতি হতাশ হয়ে পড়েছে। সারা দেশের জনগণ যখন নির্বাচনের উৎসবে মেতে উঠেছিলো সেই মুহূর্তে তাদের এই সিদ্ধান্ত নির্বাচনের প্রক্রিয়া বাধাগ্রস্ত করবে।”

বিএনপি মহাসচিব প্রশ্ন রেখে বলেন, “রাষ্ট্রপতি যদি প্রধান উপদেষ্টার পদ থেকে সরে যান, তাহলে কে দায়িত্ব নেবেন ? এতদিন পরে কেনো তারা মিমাংসীত বিষয় নতুন করে তুলে এনেছে ?”

নির্বাচনের তফসিল পুনর্নিধারনের দাবি নাকচ করে দিয়ে তিনি বলেন, “প্রার্থিতা প্রত্যাহারের পর তফসিল পেছানোর কোনো সুযোগ নেই। তাতে সাংবিধানিক সংকট সৃষ্টি হতে পারে।”

এরশাদের মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত আদালতের বলে অভিহিত করে মান্নান ভূঁইয়া বলেন, “এরশাদ এখন আওয়ামী লীগের কাছে পবিত্র হয়ে গেছে। অথচ তাকে নিয়েই এক সময় ১৪ দলের নেতারা কতো কিছু বলেছিলেন।”

একই সঙ্গে তিনি শায়খুল হাদিস আল্লামা আজিজুল হকের সঙ্গে আওয়ামী লীগের চুক্তির সমালোচনা করে বলেন, “তাদের মধ্যে আর অসাম্প্রদায়িক চরিত্র নেই।”

এক প্রশ্নের জবাবে মান্নান ভূঁইয়া জানান, “মহাজোট এখন দেশে মহাজট তৈরি করেছে। যখন বুঝতে পেরেছে নির্বাচনে জিততে পারবে না তখনই তারা সরে দাঁড়িয়েছে।”

১৪ দল ছাড়া নির্বাচনে চার দল জোটবদ্ধ হয়ে না কি আলাদাভাবে নির্বাচন করবে এই প্রশ্নের জবাবে তিনি বলেন, “এ বিষয়ে আমরা পরে সিদ্ধান্ত নেবো।”

পুলিশ ও র‌্যাবের বিরুদ্ধে ১৪ দলের অভিযোগ নাকচ করে দিয়ে তিনি বলেন, “র‌্যাব ও পুলিশ অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য কাজ করছে। রাজনৈতিকভাবে কাউকে হয়রানি করছে না।”

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দলের যুগ্ম মহাসচিব হারিস চৌধুরী, নজরুল ইসলাম খান, এএইচএম মোফাজ্জল করিম, সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান, হাওয়া ভবনের মুখপাত্র আশিক ইসলাম প্রমুখ।