২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচন বানচালের চেষ্টা প্রতিরোধ করা হবে : মুজাহিদ

জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ বলেছেন, সংবিধান অনুযায়ী ২২ জানুয়ারিই নির্বাচন হবে। কেউ বানচাল করতে চাইলে রাজনৈতিকভাবে তাদের প্রতিরোধ করা হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2007, 06:04 PM

Updated : 26 Apr 2022, 01:55 PM

মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বুধবার বিকেলে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মুজাহিদ ১৪ দলের প্রতি নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন,“গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা থাকলে নির্বাচনে আসুন।

বর্তমান পরিস্থিতির জন্য ১৪ দলকে দায়ী করে তিনি বলেন, পরিস্থিতির আরও অবনতি ঘটলে তার দায়-দায়িত্বও ১৪ দলকে নিতে হবে।

তিনি আরও বলেন,“ সংবিধানের ধারাবাহিকতা রক্ষায় জামায়াতে ইসলামী নির্বাচনে অংশ নেবে।”

সেক্রেটারী জেনারেল বলেন,“ সব দাবি মানার পরও ১৪ দলের নির্বাচন বর্জনের সিদ্ধান্ত অযৌক্তিক ও অগণতান্ত্রিক।”

তিনি যথাসময়ে ও শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনকে সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মুজাহিদ বলেন,“চার দলের বাইরে আরও কয়েকটি রাজনৈতিক দল নির্বাচনে অংশ নেবে। বিরোধী দলে কারা বসবে তা কয়েক দিনের মধ্যেই দেখতে পাবেন।”

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দলীয় নেতা আব্দুল কাদের মোল্লাসহ অন্যান্য নেতৃবৃন্দ।