২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচন বর্জনের ঘোষণা দিলেন শেখ হাসিনা

২২ জানুয়ারি ঘোষিত জাতীয় সংসদ নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন শেখ হাসিনা। রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদের পক্ষপাতিত্ব, সর্বজনসম্মত গুচ্ছ প্রস্তাব বাস্তবায়ন না হওয়া এবং ত্র“টিপূর্ণ ভোটার তালিকার কথা বলে বুধবার বারোটা চল্লিশ মিনিটে দল ও জোটের পক্ষ থেকে হাসিনা এ ঘোষণা দেন। বিস্তারিত জানাচ্ছেন সুমন মাহবুব ও কামরান রেজা চৌধুরী।

সুমন মাহবুব

ও কামরান রেজা চৌধুরী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2007, 04:55 PM

Updated : 26 Apr 2022, 01:55 PM

শেখ হাসিনার পর জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ এবং এলডিপির সভাপতি বদরুদ্দোজা চৌধুরীও ২২ জানুয়ারি নির্বাচন বর্জনের ঘোষণা দেন। 

মহাজোটের নির্বাচন বর্জনের ঘোষণার মধ্য দিয়ে সব দলের অংশগ্রহণে সুষ্ঠু ও অবাধ নির্বাচন অনুষ্ঠানের সম্ভাবনা শেষ হয়ে গেল। একইসঙ্গে মহাজোটের নির্বাচন প্রতিহতের ঘোষণায় পুরো দেশ সংঘাতময় একটি রাজনৈতিক পরিস্থিতির মুখোমুখি হতে যাচ্ছে বলেও অনেকে আশঙ্কা করছেন। 

হোটেল শেরাটনে মহাজোটের আয়োজিত সংবাদ সম্মেলনে ২২ জানুয়ারি নির্বাচনের পাশাপাশি আন্দোলন কর্মসূচির ঘোষণা দিয়েছেন শেখ হাসিনা। একইসঙ্গে মহাজোটের পক্ষে জমা দেয়া সব মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দেন হাসিনা।

এই ঘোষণা দিয়ে আওয়ামী লীগ সভানেত্রী বলেন “নো ইলেকশন, নো টেনশন। ইয়েসউদ্দিনকে এখন নোউদ্দিন করা হবে।”

তিনি দলমত নির্বিশেষে সকল শ্রেণী-পেশার মানুষকে জনগণের ভোটের অধিকার নিশ্চিত করতে আন্দোলনে শরিক হওয়ার জন্যও আহবান জানান।

হাসিনা ঘোষণা দেন ইয়াজউদ্দিনের পদত্যাগ ও নতুন নির্বাচন তফসিল ঘোষণার দাবিতে ৫ জানুয়ারি দেশব্যাপী বিক্ষোভ মিছিল করবে মহাজোট। এর পরেও দাবি মানা না হলে ৭ ও ৮ জানুয়ারি অবরোধ কর্মসূচি পালনের পর লাগাতার বঙ্গভবন ঘেরাও করা হবে।

অবাধ নির্বাচনের জন্য বর্তমান তফসিল বাতিলের দাবি জানিয়ে হাসিনা বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদসহ জোটের অন্য নেতাদের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দিতে হবে। পাশাপাশি ভোটার তালিকা হালনাগাদ করে নতুন তফসিল ঘোষণা করতে হবে।

হাসিনা বলেন, ইয়াজউদ্দিন আহম্মেদ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে ব্যর্থ হয়েছেন বলে এ মুহূর্তেই তাকে প্রধান উপদেষ্টার পদ থেকে সরে দাঁড়াতে হবে। এ সরকারে অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না এটা এখন জাতির কাছে স্পষ্ট।

নির্বাচন বর্জনের ঘোষণার জন্য হাসিনার ‘বলিষ্ঠ’ পদক্ষেপের জন্য তাকে  জাকের পার্টি এবং এলডিপির নেতাদের অভিনন্দন জানালেন এরশাদ।

ইয়াজউদ্দিন আহম্মেদের তত্ত্বাবধায়ক সরকারকে অবৈধ ঘোষণা করে এর অধীনে কোনো নির্বাচন না করার কথা বলেছেন বদরুদ্দোজা চৌধুরী। 

দুপুর সোয়া বারোটায় ডানে বদরুদ্দোজা চৌধুরী এবং বায়ে এরশাদকে নিয়ে হোটেল শেরাটনের একটি কক্ষে আসন নেন শেখ হাসিনা।

সংবাদ সম্মেলন হলেও মহাজোটের ঘোষণা শুনতে বিভিন্ন প্রচার মাধ্যমের সংবাদকর্মী ছাড়াও আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ মহাজোটের শরিক দলগুলোর অনেক নেতা-কর্মী শেরাটনের বলরুমে বুধবার  উপস্থিত ছিলেন।

বেলা বারোটা চল্লিশে নেতাকর্মীদের মুহুর্মুহু করতালির মধ্যে দিয়ে শেখ হাসিনা নির্বাচন বর্জনের ঘোষণা দেন। তিনি বলেন, আমরা মহাজোটের পক্ষ থেকে ২২ জানুয়ারির পাতানো নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত গ্রহণ করেছি। একই সঙ্গে তিনি বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদসহ বেআইনিভাবে যাদের মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে তাদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিতে হবে।

ঠিক বারোটা আঠারো মিনিটে শেখ হাসিনা তার লিখিত বক্তব্য পড়তে শুরু করেন। তিনি ইয়াজউদ্দিন আহম্মেদের সমালোচনা করে বলেন, প্রধান উপদেষ্টা নির্দলীয় সরকারের পরিবর্তে বিএনপি-জামায়াতের ছায়া সরকার প্রতিষ্ঠা করেছেন। জাতীয় ও আন্তর্জাতিকভাবে অগ্রহণযোগ্য নির্বাচন কমিশন একটি সঠিক ভোটার তালিকা তৈরি করতে ব্যর্থ হয়েছে। বর্তমান তফসিল অনুযায়ী নির্বাচনের আর ঊনিশ দিন বাকি। কিন্তু এখন পর্যন্ত একটি সঠিক ও ত্র“টিমুক্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়নি।

আওয়ামী লীগ সভানেত্রী ভোটার তালিকা ক্রটিমুক্ত হয়নি এই অভিযোগ এনে বলেন, নির্বাচন কমিশন ২০০০ সালের, ২০০০ সালের হালনাগাদ ও সম্পুরক মোট তিনটি ভোটার তালিকা সরবরাহ করেছেন। এতে নাম, পিতার নাম ও ভোটার নম্বর কোনটারই মিল নেই। অনেক ক্ষেত্রে একই ক্রমিক নম্বর ও হোল্ডিং এর বিপরীতে নাম, বয়স ও পেশা সকল তথ্যই ভিন্ন। এসময়ে শেখ হাসিনা তার অভিযোগের সপক্ষে ঢাকা-৬, ঢাকা- ৮ ও ঢাকা-১ আসনের বেশ কয়েকটি ক্রটিপুর্ণ ভোটার তালিকা সাংবাদিকদের দেখান।

হাসিনা বলেন, নতুন করে ভোটকেন্দ্র বাড়ানো হলেও কোনো বিজ্ঞাপন প্রকাশ করা হয়নি। অনেক ক্ষেত্রে ৪-৫ মাইল দুরে ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে যাতে মহাজোটের ভোটাররা ভোট দিতে না পারে।

রাষ্ট্রীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা ও প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থাকে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কাজে ব্যবহার করা হচ্ছে এ অভিযোগ করে হাসিনা বলেন, এখন পর্যন্ত প্রশাসনকে নির্দলীয় করা হয়নি। বিএনপি-জামাতের মন্ত্রীদের ২০ জন ব্যক্তিগত কর্মকর্তাকে বিভিন্ন জেলায় জেলা প্রসাশক নিযুক্ত করা হয়েছে। অন্যদিকে দক্ষ ও যোগ্য কর্মকর্তাদের এখনো ওএসডি করে রাখা হয়েছে।

হাসিনার মতে,  বিএনপি-জামাতকে নির্বাচিত করার জন্যই এই ষড়যন্ত্র করা হচ্ছে।

লিখিত বক্তব্যের শেষদিকে হাসিনা বলেন, নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠানের চাইতেও গুরুত্বপূর্ণ জনগনের অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচন। যেনতেনভাবে ভোটচুরির নির্বাচন জনগন মেনে নেবে না ও হতেও দেবে না।

তিনি বলেন, বাংলাদেশের মাটিতে একটি শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের উপযোগী পরিবেশ সৃষ্টি করে জনগণকে নিয়েই আমরা নির্বাচনে যাবো।

প্রশাসন পুলিশ বিডিআরসহ সশস্ত্রবাহিনীকে জনগনের পক্ষে থাকার আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সভানেত্রী বলেন, মানুষকে ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার সংগ্রামে সহায়তা করুন। ভোট চোর ও ভোট চুরির সঙ্গে থাকবেন না। ভোটচোরদের সহযোগিতা করা আপনাদের কাজ নয়।

এরপর এইচ এম এরশাদকে বক্তব্য রাখার জন্য শেখ হাসিনা আহ্বান জানান। এরশাদ তার বক্তব্যের শুরুতেই শেখ হাসিনাকে মহাজোট নেত্রী হিসেবে উল্লেখ করে সবাইকে ইংরেজি নববর্ষ ও ঈদের শুভেচ্ছা জানান।

তিনি বলেন, আজ (বুধবার) এক যুগান্তকারী ও তাৎপর্যপূর্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। শেখ হাসিনার নির্বাচন বর্জনের ঘোষণাকে বলিষ্ঠ ও সাহসী পদক্ষেপ হিসেবে অভিহিত করে এরশাদ বলেন, নির্বাচন বর্জন করা মানেই হচ্ছে নির্বাচনকে প্রতিহত করতে হবে। জাতীয় পার্টির কর্মীরা জীবনকে বাজি রেখে এই প্রহসনমূলক নির্বাচন বাংলা মাটিতে হতে দেবে না।

এরশাদ নিজেকে দুর্ভাগা রাজনীতিবিদ হিসেবে আখ্যা করে বলেন, আমরা সঙ্গে যা হয়েছে বাংলাদেশের রাজনীতিতে আর কারো সাথে তা হয়নি। তিনি তার বক্তব্যের শেষে আন্দোলনের পক্ষে একটি স্বরচিত কবিতাও পড়ে শোনান।

এসময়, শেখ হাসিনা সহ অনেক নেতারাই ঠোঁট চেপে হাসছিলেন। এরশাদ যখন কবিতা পড়ে শোনানোর ঘোষণা দেন তখন অনেকেই আনন্দধ্বনি দেন।

এরশাদের পর বদরুদ্দোজা চৌধুরী তার বক্তব্যে বলেন, অবৈধ সরকারের অধীনে অবৈধ নির্বাচন কোনভাবেই মেনে নেয়া যায় না। এরশাদ সাহেবের মনোনয়ন নিয়ে যা হলো তা একটা ষড়যন্ত্র ছাড়া আর কিছুই না।

তিনি বলেন, এ অবৈধন সরকারের নির্বাচনে অংশ নিয়ে আমরা এই নির্বাচনকে বৈধতা দিতে পারি না। এতে অংশ নেয়া হবে আত্মহত্যার শামিল। তিনিও নির্বাচন বর্জন ও প্রতিহত করার ঘোষণা দেন।

ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন বলেন, নির্বাচন বর্জনের এই ঘোষনা গনতন্ত্র ও সংবিধান রক্ষা করতে একটি মোড় পরিবর্তনকারী সিদ্ধান্ত। তিনি বলেন, বিএনপি-জামাত ছাড়া সকলেই এক হয়েছে, এটা একটা খুশির বিষয়।

জাসদের সভাপতি হাসানুল হক ইনু ২২ জানুয়ারির নির্বাচন স্থগিতের দাবি জানিয়ে বলেন, ইয়াজউদ্দিন আহম্মেদ নিরপেক্ষ নির্বাচনের বিপক্ষে গিয়ে মহাশত্র“তে পরিণত হয়েছেন। তার অধীনে এই নির্বাচন বর্জন একমাত্র রাজনৈতিক ও গণতান্ত্রিক পথ।

এরশাদ, বদরুদ্দোজা চৌধুরী, রাশেদ খান মেনন ও হাসানুল হক ইনুর বক্তব্যের পর শেখ হাসিনা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

মহাজোটের নির্বাচন বর্জনের সিদ্ধান্ত দেশে কোনো সাংবিধানিক সঙ্কট সৃষ্টি করবে কিনা জানতে চাইলে আওয়ামী লীগ সভানেত্রী বলেন,“প্রজাতন্ত্রের মালিক জনগণ। জনগণের জন্যই সংবিধান। সংবিধানের দোহাই দিয়ে জনগণের সাংবিধানিক অধিকার চুরি করা যাবে না।”

শেখ হাসিনা বলেন, “গুচ্ছ প্রস্তাব অনুযায়ী নতুন প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ ও নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে। নির্বাচন কমিশন সচিবালয়, জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা পদে তিন শতাধিক দলীয় ব্যক্তিকে প্রত্যাহার করে নিতে হবে। ভোটার তালিকা জনসম্মুখে টানাতে হবে। নির্বাচনী আইন অনুযায়ী চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের আগে খসড়া তালিকা যাচাই বাছাইয়ের জন্য ১৫ দিন সময় দিতে হবে। তিনি নির্বাচন পর্যন্ত র‌্যাবের সব ধরনের তৎপরতা বন্ধ রাখার আহ্বান জানান।

সব ভোটারদের আইডি কার্ড ও নির্বাচনে স্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহারের দাবি জানিয়ে হাসিনা বলেন, “পুরনো ভোট কেন্দ্রগুলো বহাল রাখতে হবে। প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তা নিয়োগ করার ক্ষেত্রে প্রার্থীদের সঙ্গে আলোচনা করতে হবে। প্রকৃত সন্ত্রাসীদের তালিকা তৈরি করে তাদের গ্রেপ্তার করতে হবে। এটর্নি জেনারেল অফিস, সকল আইন কর্মকর্তা এবং গোয়েন্দা সংস্থার শীর্ষ পদে পরিবর্তন করতে হবে।”

সংবাদ সম্মেলনে সৈয়দা সাজেদা চৌধুরী, আমির হোসেন আমু, আব্দুর রাজ্জাক,তোফায়েল আহমেদ, কাজী জাফর আহম্মেদ, সুরঞ্জিত সেনগুপ্ত, মহিউদ্দিন খান আলমগীর, কাজী জাফরউল্যাহ, রুহুল আমিন হাওলাদার, জি এম কাদের, আনিসুল ইসলাম মাহমুদ, জিয়াউদ্দিন বাবলু, দিলীপ বড়–য়া বিমল বিশ্বাস,পংকজ ভট্টাচার্য,এম এ গণি, সৈয়দ সিরাজুল কবীর প্রমুখ।