২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আ. লীগ এবার এরশাদের জন্য মায়াকান্না শুরু করেছে : মান্নান ভূঁইয়া

বিএনপি মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়া বলেছেন, এরশাদের মনোনয়ন পত্র কেন বাতিল করা হলো তা নিয়ে আওয়ামী লীগ এবার মায়াকান্না শুরু করেছে। অহেতুক দাবি তুলে নির্বাচনও বানচাল করা যাবে না বলে তিনি সাফ জানিয়ে দিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2007, 09:07 PM

Updated : 26 Apr 2022, 01:55 PM

শিবপুর কলেজ গেটে মঙ্গলবার বিকেলে স্থানীয় বিএনপি আয়োজিত এক নির্বাচনী সভায় তিনি এ কথা বলেন।

মান্নান ভূঁইয়া বলেন, ৮ বছর আগের মামলায় আদালত এরশাদকে কারাদন্ড দিয়েছিলো। উচ্চ আদালত কেবল সেই দন্ডের মেয়াদ কমিয়েছে মাত্র।

আওয়ামী লীগের প্রতি নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ক্ষমতায় যেতে হলে জনগণের রায় নিতে হবে। ভিন্ন পথে ক্ষমতায় যাওয়ার কোনো সুযোগ নেই।

মান্নান ভূঁইয়া আসন্ন নির্বাচনে নরসিংদীর সব আসনে চারদলীয় প্রার্থীদের ভোট দেয়ার আহ্বান জানিয়ে বলেন, উন্নয়নের ধারাবাহিতকা অব্যাহত রাখতে হলে আবার ভোট দিয়ে চারদলকে নির্বাচিত করুন।

মাসিমপুর ইউনিয়ন বিএনপি সভাপতি রজব আলী মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপি সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন মাস্টার, আবুল হারিস রিকাবদার, আরিফুল ইসলাম মৃধা, আজমল হুদা মিঠু প্রমুখ।

মান্নান ভূঁইয়া বলেন, জোট সরকারের ক্ষমতা হস্তান্তরের পর থেকে ১৪  দলের রাজনৈতিক কর্মকান্ড দেশের ভাবমূর্তি ও অর্থনীতির ক্ষতি করেছে। তিনি ১৪ দলের ডাকা আগামী ৭ ও ৮ জানুয়ারির অবরোধ কর্মসূচিরও সমালোচনা করেন।

তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার তাদের সব দাবিই মেনে নিয়েছে। তারপরও তারা পুরনো দাবি নতুন করে তুলছে।

এছাড়া মান্নান ভূঁইয়া সকাল থেকে তার নির্বাচনী এলাকার (নরসিংদী--৩) দুলালপুর ইউনিয়নের মানিকদি, উত্তর-দক্ষিণপাড়া, সাত পাইকের, বড়বাড়ি বাজারসহ বিভিন্নস্থানে জনসংযোগ ও পথসভা করেন।