আলোচনার কৌশল নির্ধারণে মান্নান-তারেক বৈঠক, সিনিয়র মন্ত্রীদের বৈঠক রোববার
সংস্কার নিয়ে আলোচনার কৌশল নির্ধারণে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমান শনিবার রাতে দলের মহাসচিব স্থানীয় সরকার মন্ত্রী আবদুল মান্নান ভূঁইয়ার সাথে বৈঠক করেছেন। দু’নেতার মধ্যে গভীর রাত পর্যন্ত আলোচনা হয় বলে সূত্র জানিয়েছে।
এছাড়া বিএনপি মহাসচিব রোববার রাত সাড়ে নয়টায় তার বেইলি রোডের সরকারি বাসভবনে দলের সিনিয়র মন্ত্রীদের বৈঠক আহ্বান করেছেন।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সংস্কার প্রশ্নে মান্নান ভূঁইয়া শুক্রবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল জলিলের সাথে টেলিফোনে আলোচনা করেন। এতে সংলাপের পথ খুলে যায়। পরে শনিবার জলিলের পক্ষ থেকে টেলিফোন কথা বলার পর আলোচনার সম্ভাবনা আরো উজ্জ্বল হয়ে ওঠে।
এর প্রেক্ষাপটে মন্ত্রীদের ওই বৈঠকে দুই দলের মহাসচিব ও সাধারণ সম্পাদকের মধ্যে আলোচনার কৌশল নির্ধারণ ও বিভিন্ন আইনগত দিক নিয়ে আলোচনা করা হবে।
