২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মান্নান ভূঁইয়ার আহ্বানে সাড়া দিচ্ছেন জলিল

আওয়ামী লীগ প্রেসিডিয়াম এবং ১৪ দলের কেন্দ্রীয় কাউন্সিলের বৈঠকে শুক্রবার সংলাপের ব্যাপারে মান্নান ভূঁইয়ার আহ্বানে যত তাড়াতাড়ি সম্ভব আব্দুল জলিলকে সাড়া দিতে বলা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2006, 10:35 PM

Updated : 26 Apr 2022, 03:57 PM

আওয়ামী লীগ ও ১৪ দলের পৃথক পৃথক নীতিনির্ধারণী বৈঠকে এই সম্মতি দেয়ার পরিপ্রেক্ষিতে মখোমুখি আলোচনার জন্য আব্দুল জলিল শনিবার বিএনপি মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়াকে ফোন করবেন বলে আশা করা হচ্ছে। শনিবারের আলোচনায় তাদের দুজনের বৈঠকের সময় ও স্থান নির্ধারণ করা হতে পারে।

দলীয় সূত্র জানায়, ১০ অক্টোবরের পর প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দেশের বাইরে যাওয়ার কথা রয়েছে। তাই আলোচনা আগামী সপ্তাহেই অনুষ্ঠিত হতে পারে।

আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার বাসভবন সুধাসদনে অনুষ্ঠিত বৈঠকে ১৪ দলের ৩১ দফা দাবির বিষয়টি মনে রাখার জন্য আব্দুল জলিলকে বলা হয়। আলোচনাকালে আব্দুল জলিল মূলত প্রধান নির্বাচন কমিশনার এমএ আজিজের অপসারণ এবং বিচারপতি কেএম হাসানের পরিবর্তে তত্ত্ববধায়ক সরকারের প্রধান হিসেবে একজন নিরপেক্ষ ব্যক্তিকে বেছে নেওয়ার দাবি জানাবেন।

আওয়ামী লীগের প্রেসিডিয়াম বৈঠক সন্ধ্যা ৭ টা থেকে ৮ টা ১৫ মিনিট পর্যন্ত চলে।

অন্যদিকে আওয়ামী লীগের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য আমির হোসেন আমুর সভাপতিত্বে অনুষ্ঠিত ১৪ দলের বৈঠকেও নেতারা আওয়ামী লীগের প্রেসিডিয়াম বৈঠকের অনুরূপ সিদ্ধান্ত নেন।

বৈঠক শেষে আব্দুল জলিল সাংবাদিকদের জানান, আওয়ামী লীগের প্রেসিডিয়াম ও ১৪ দলের কেন্দ্রীয় কাউন্সিল আমাকে যত দ্রুত সম্ভব  মান্নান ভূঁইয়ার আহ্বানে সাড়া দিতে বলেছে।

১৪ দলের কেন্দ্রীয় কাউন্সিলের বৈঠকে তোফায়েল আহমদ, আব্দুল জলিল, হাসানুল হক ইনু, বিমল বিশ্বাস, পঙ্কজ ভট্টাচার্য, সৈয়দ জাফর সাজ্জাদ উপস্থিত ছিলেন। এছাড়া আওয়ামী লীগের প্রেসিডিয়াম বৈঠকে প্রেসিডিয়ামের প্রায় সব সদস্যই উপস্থিত ছিলেন।