বিদ্যুতের দাবিতে চাঁদপুর ও ময়মনসিংহে সড়ক অবরোধ ও ভাংচুর
অব্যাহত বিদ্যুৎ সংকটের প্রতিবাদে শুক্রবার ময়মনসিংহের ত্রিশাল এবং চাঁদপুরের হাজীগঞ্জে বিক্ষুব্ধ গ্রাহকরা মহাসড়ক অবরোধ ও বিদ্যুৎ কার্যালয় ভাংচুর করেছে।
অবরোধ চলাকালে ঢাকা--ময়মনসিংহ এবং চাঁদপুর--কুমিল্লা মহাসড়কে কয়েক ঘন্টা যানবাহন চলাচল বন্ধ থাকে।
বিডিনিউজ ময়মনসিংহ প্রতিনিধি জানান, ত্রিশালে শুক্রবার রাত সাড়ে আটটার দিকে বিক্ষুব্ধ গ্রাহকরা স্থানীয় বিদ্যুৎ কার্যালয়ে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে।
তারা ব্যারিকেড দিয়ে ঢাকা--ময়মনসিংহ মহাসড়ক ১ ঘন্টা অবরোধ করে রাখলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এ সময় ৪/৫ টি গাড়ীও ভাংচুর করা হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিডিনিউজ চাঁদপুর প্রতিনিধি জানান, হাজীগঞ্জ উপজেলার শত শত বিক্ষুব্ধ গ্রাহক শুক্রবার ইফতারের পর থেকে রাত আটটা পর্যন্ত চাঁদপুর--কুমিল্লা মহাসড়ক অবরোধ করে রাখে।
হাজীগঞ্জ বাজারে বিক্ষোভ -- সমাবেশও করে তারা। অবরোধের সময় হাজীগঞ্জ বাজারের উভয় পাশে কয়েক শ’ যানবাহন আটকা পড়লে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে হাজীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে আন্দোলনকারীদের নিবৃত্ত করে।
