২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবশেষে বরফ গলতে শুরু করেছে

বহু টানাপড়েনের পর সংলাপ প্রশ্নে রাজনৈতিক আকাশে কালো মেঘ কাটতে শুরু করেছে। শুক্রবার বিএনপি মহাসচিব স্থানীয় সরকার মন্ত্রী আবদুল মান্নান ভুঁইয়া সকালে মোবাইল টেলিফোনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল জলিলের কাছে টেলিফোন করে আনুষ্ঠানিকভাবে সংলাপে বসার জন্য প্রস্তাব জানালে সর্বত্র আশার সঞ্চার হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2006, 09:43 PM

Updated : 26 Apr 2022, 03:57 PM

এখন সকলের দৃষ্টি কখন এবং কবে এই সংলাপ অনুষ্ঠিত হবে।

সরকারের একাধিক শীর্ষ নেতা মনে করেন, সব ঠিকঠাক থাকলে আগামী সপ্তাহেই জাতীয় সংসদ ভবনে দীর্ঘ প্রতীক্ষিত এই সংলাপ অনুষ্ঠান হতে পারে।

উল্লেখ্য সংলাপ প্রশ্নে প্রতিনিধিত্ব নিয়ে দুই দলের মধ্যে চিঠি চালাচালি হলেও জামায়াতের উপস্থিতিতে আওয়ামী লীগের নেতৃত্বে ১৪ দল সংলাপে বসতে রাজি না হওয়ায় সেই উদ্যোগ ভেস্তে যায়। পরে গত মাসে শীর্ষ ব্যবসায়ী প্রধান দুই দলের মহাসচিব পর্যায়ে বৈঠকে বসার প্রস্তাব জানায়। পরবর্তীতে গত দুই সপ্তাহ আগে প্রধানমন্ত্রী খালেদা জিয়া এক জনসভায় সংস্কার প্রস্তাব নিয়ে বিরোধী দলের সাধারণ সম্পাদককে বিএনপি মহাসচিবের সঙ্গে বৈঠকে বসার প্রস্তাব দেন।

এছাড়া যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত প্যাট্রিসিয়া এ বিউটেনিস গত দুই দিনে বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার সঙ্গে ইফতারসহ সরকার ও বিরোধী দলের একাধিক নেতার সঙ্গে বৈঠক করেন এবং এসময় তিনি সংলাপে বসার তাগিদ দেন বলে ধারণা করা হচ্ছে।  

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় দলের মহাসচিব আবদুল মান্নান ভুঁইয়া প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে তার ক্যান্টমেন্টের বাসভবনে দেখা করেন। সেখানে সার্বিক রাজনৈতিক পরিস্থিতি ও সংলাপ বসা নিয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রীর সবুজ সংকেত নিয়ে মান্নান ভূঁইয়া বেইলি রোডে তার বাসায় ফেরেন রাত ৮টায়। পরে তিনি কয়েকজন সিনিয়র মন্ত্রীর সঙ্গেও আলোচনা করেন। এরপরই আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় মান্নান ভুৃঁইয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে আহ্বান জানান। 

এদিকে গত দুইদিন শীর্ষ ব্যবসায়ীরা আলোচনায় বসার জন্য দুই দলের মহাসচিব ও সাধারণ সম্পাদকের সঙ্গে চার দফা সাক্ষাৎ করে অনুরোধ জানান। বৃহস্পতিবার দুপুরে আবদুল জলিল ও রাতে মান্নান ভূঁইয়ার সঙ্গে এফবিসিসিআইয়ের সভাপতি মীর নাসির হোসেনের নেতৃত্বে  তিন ব্যবসায়ী নেতা সাক্ষাৎ করেন।

এফবিবিসিসিআই এর সভাপতি মীর নাসির হোসেন বিডিনিউজ২৪ডটকমকে বিকেলে টেলিফোনে বলেন, ‘আমরা মনে করি সংকট নিরসনে আমরা যে উদ্যোগ নিয়েছিলাম, মান্নান ভূঁইয়ার টেলিফোনের মাধ্যমে সেটার প্রাথমিক সাফল্য দেখা গেছে। আমরা বিশ্বাস করি সংলাপ ছাড়া কোনো সমস্যারই সমাধান সম্ভব নয়। সংলাপের অভাবে আগামী নির্বাচন বাধাগ্রস্ত হলে দেশ অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। তবে সংলাপে চূড়ান্ত সাফল্য তখনই আসবে যখন দেখবো প্রধান দুই দল সংলাপের মাধ্যমে একটি সমঝোতায় পৌঁছাবে।’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য স্বাস্থ্যমন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন বিডিনিউজ২৪ডটকমকে বলেন, ‘সংলাপের বিষয়ে আমরা প্রথম থেকে বিরোধী দলকে আহবান জানিয়ে আসছি। শেষ পর্যায়ে হলেও আওয়ামী লীগ সংলাপে বসছে, এটা ইতিবাচক। সংলাপের মাধ্যমে একটা সমঝোতা হতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন।’

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওবায়দুল কাদের বলেন, সংস্কার প্রস্তাব নিয়ে অবশেষে সরকারি দল সংলাপে বসতে রাজি হয়েছে, এটা ইতিবাচক। দেরিতে হলেও তারা বুঝতে সক্ষম হয়েছে যে, সংস্কার প্রস্তাব এখন শুধু প্রস্তাবই নয়, এটা এখন গণদাবি।’