২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুতের দাবিতে বিক্ষোভে উত্তাল সারা দেশ, রাজধানী রণক্ষেত্র, পুলিশসহ আহত ২০০, আপডেট

নিরবচ্ছিন্ন বিদ্যুত সরবরাহের দাবিতে বিক্ষোভ, সংঘর্ষ, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় বৃহস্পতিবার ভোর রাত থেকে রাজধানীর মিরপুর ও শনির আখড়াসহ কয়েকটি এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2006, 08:44 PM

Updated : 26 Apr 2022, 03:57 PM

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও র‌্যাবের পাশাপাশি দুপুরে বিডিআরও মোতায়েন করা হয়। সংঘর্ষে পুলিশসহ কমপক্ষে দুই শতাধিক বিক্ষোভকারী আহত হন।

এদিকে সাতক্ষীরা, কিশোরগঞ্জ ও গাজীপুরেও বিদ্যুতের দাবিতে হাজার হাজার লোক স্থানীয় পল্লী বিদ্যুত কার্যালয়ে হামলা চালায়।

বৃহস্পতিবার ভোর থেকে রাজধানীর মিরপুর, শনির আখড়া, যাত্রাবাড়ি, সায়েদাবাদ, ধোলাইরপাড় ও লালবাগসহ বিভিন্ন স্থানে বিক্ষোভরত জনতার সঙ্গে আইন -- শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক সংঘর্ষ হয়।

এ সব এলাকায় বুধবার রাতেও জনতার সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়।

জুরাইনে বিক্ষোভকারীরা দুপুর ১২টার দিকে রেল লাইন উপড়ে ফেলে। তবে কোন দুর্ঘটনা ঘটেনি।

সংঘর্ষে পুলিশসহ কমপক্ষে দুই শতাধিক বিক্ষোভকারী আহত হন। বিক্ষোভকারীরা কয়েকটি বিদ্যুত স্টেশনে হামলা চালায়। তারা শতাধিক গাড়িও ভাঙচুর করে। আগুন ধরিয়ে দেয় কমপক্ষে ১৫টি গাড়িতে ।

আহত লোকজন ও পুলিশ সদস্যদের রাজারবাগ পুলিশ লাইন হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এছাড়া কেরানীগঞ্জ ও নারায়ণগঞ্জ এলাকায় একই দাবিতে বিক্ষোভরত লোকজনের সাথে পুলিশের সংঘর্ষ হয়। বুধবার থেকে এ দুটি এলাকায় স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ করছে।

মিরপুর ও পল্লবীতে বৃহস্পতিবার পুলিশ কয়েক দফায় শ’খানেক রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল ছুঁড়েও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি। উপরন্তু বিক্ষুব্ধ লোকজনের সাথে ধাওয়া - পাল্টা ধাওয়ায় পুরো মিরপুর এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এসময় পুরো এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গত ১০/১২ দিন ধরেই মিরপুর--পল্লবী এলাকায় বিদ্যুৎ সমস্যা প্রকট আকার ধারণ করে আছে। রমজান মাসে এ সমস্যা আরো বেড়ে যাওয়ায় বিক্ষুব্ধ লোকজন বুধবার গভীর রাতে পল্লবীর পূরবী সিনেমা হল এলাকায় বিদ্যুত অভিযোগ কেন্দ্র এবং মিরপুর ১৩ নম্বরে বিদ্যুত উপকেন্দ্র ঘেরাও করে। তাদের দাবি অন্তত সেহরীর সময় যেন বিদ্যুত সরবরাহ ঠিক রাখা হয়।

প্রত্যক্ষদর্শীরা আরও জানান, ভোর রাত ৩টার দিকে সেহরীর সময় লোকজন বিদ্যুতের দাবিতে রাস্তায় নেমে আসে। রাত ১টার দিকে মিরপুর ১০ ও এর আশপাশে প্রথম দফায় দেড় ঘণ্টা ও পরে দফায় দফায় ১০ থেকে ১৫ বার বিদ্যুত চলে যায়।

ভোর ৫ টার দিকে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হলে বিক্ষুব্ধ লোকজনের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয় এবং তা দফায় দফায় চলতে থাকে। লোকজন সকালে পল্লবী বিদ্যুৎ অভিযোগ কেন্দ্রে হামলা চালায় এবং ১৩ নম্বর সেকশনের বিদ্যুত উপকেন্দ্রে অগ্নিসংযোগ করে।

এক পর্যায়ের বিক্ষোভরত লোকজন মিরপুর বিদ্যুৎ কেন্দ্রের তিনটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় ও বেশকিছু মই পুড়িয়ে দেয়। এ সময় জনতার দখলে চলে যায় মিরপুরের সবগুলো প্রধান সড়ক। লোকজন রাস্তায় রাস্তায় টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানাতে থাকে। পুলিশের সাথে ইট --পাটকেল বিনিময়ের ফলে পুরো মিরপুর--পল্লবী সড়ক টুকরো টুকরো ইটে ভরে যায়।

সংঘর্ষের সময় পুরো এলাকার দোকানপাট বন্ধ হয়ে যায়। বিক্ষুব্ধ লোকজন রাস্তার দুপাশের বেশ কিছু ঝুপড়ি মুদি দোকানে আগুন ধরিয়ে দেয়। বহু দোকানের নিয়ন সাইন ও জানালার কাঁচও ভাঙচুর করা হয়।

বেলা ১টার দিকে পল্লবীর বেনারসী পল্লী এলাকায় র‌্যাব ও জনতার মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দফায় দফায় লাঠিচার্জ করে র‌্যাব  পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুপুর ২টার দিকে প্রধান সড়কগুলোতে টহল দিতে নামে বিডিআর সদস্যরা।

এদিকে বিক্ষোভরত জনতাকে প্রতিহত করতে পুলিশ শতাধিক রাউন্ড কাঁদানে গ্যাস নিক্ষেপ করে ও অর্ধশতাধিক রাউন্ড রাবার বুলেট ছুঁড়লে বেশ কয়েকজন আহত হন। নিক্ষিপ্ত ইটের আঘাতে আহত পুলিশ কর্মকর্তাদের মধ্যে সহকারি কমিশনার (মিরপুর) রায়হান, মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ রব ও পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ রয়েছেন।

দাঙ্গা পুলিশের সাঁজোয়া গাড়ি আর র‌্যাবের পিকআপ ভ্যান সাইরেন বাজিয়ে ঘন ঘন টহল দেয়ায়  মানুষের মধ্যে উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে ।

সংঘর্ষের কারণে সকাল থেকে আগারগাঁও আবহাওয়া অফিস এলাকা থেকে পল্লবী ও মিরপুর ২ নম্বর স্টেডিয়াম এলাকা থেকে ১৩ নম্বর সেকশন এলাকা পর্যন্ত, সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে বিকেল ৩টার দিকে পরিস্থিতি কিছুটা শান্ত হলে ওই সব সড়কে রিকশা ও রিকশা ভ্যান চলাচল শুরু করে। তবে সেগুলোর সংখ্যা ছিল হাতে গোনা।

র‌্যাব - ৪ এর সেকেন্ড ইন কমান্ড মেজর এহতেশামুস সামাদ বিডিনিউজ২৪ডটকমকে জানান, সকালে মিরপুর ১০ নম্বর এলাকায় বিদ্যুতের দাবিতে এলাকাবাসী মিছিল শুরু করে। এক পর্যায়ে তারা কয়েকটি গাড়ি ভাঙচুর করে এবং একটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করে।

তিনি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের পাশাপাশি র‌্যাব ওই এলাকায় টহল জোরদার করেছে। পুলিশ মিরপুর ১০ নম্বর সেকশনে ব্যারিকেড দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে বলে তিনি জানান।  

এদিকে বুধবার রাত থেকে বৃহস্পতিবার দিনভর যাত্রাবাড়ী ও শনির আখড়া এলাকা অবরোধ করে রাখে জনতা। এ কারণে চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা ও নোয়াখালীসহ ঢাকার সাথে দেশের ১৭ টি রুটে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। কিন্তু বৃহস্পতিবার ইফতারের আগে অবরোধ তুলে নেয়া হলেও এসময় তীব্র যানজটের কবলে পড়ে লোকজন।

বিক্ষোভকালে উত্তেজিত জনতা কমপক্ষে ২০টি যানবাহন ভাংচুর ও পাঁচটি গাড়ি পুড়িয়ে দেয়। দক্ষিণ যাত্রাবাড়ি ও ধোলাইপাড় এলাকায় দুটি বিদ্যুৎ উপ-কেন্দ্রেও হামলা চালায় তারা।

দীর্ঘ এই বিক্ষোভের মুখে রাজধানীর গোটা পূর্ব - দক্ষিণ অংশে অঘোষিত হরতাল পালিত হয়। বন্ধ হয়ে যায় ব্যবসা - প্রতিষ্ঠান ও স্কুল - কলেজসহ সবকিছু।

এদিকে অবরোধের কারণে হাজার - হাজার যানবাহন বুধবার রাত থেকেই রাস্তায় আটকে পড়ে। ফলে গাড়ির লাইন কাঁচপুর ব্রিজ থেকে কুমিল্লার দাউদকান্দিতে গিয়ে ঠেকে। আটকে পড়া মানুষকে পড়তে হয় অবর্ণনীয় দুর্ভোগের মুখে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষোভকালে উত্তেজিত জনতা বুধবার রাত থেকেই গাড়ি, ও টায়ারে আগুন দিয়ে ক্ষোভ প্রকাশ করে।

পুলিশ জানায়, বুধবার রাতে উত্তেজিত লোকজন রাস্তায় নেমে আসে। এ সময় তারা যাত্রাবাড়ি, শ্যামপুর, সূত্রাপুর, সায়েদাবাদ, ধোলাইপাড় ও কেরানীগঞ্জের বিভিন্ন এলাকায় বিক্ষোভ প্রদর্শন করে।

মিছিল করে তারা বিভিন্ন এলাকা প্রদক্ষিণও করে বলে এলাকাবাসী জানান।

‘পানি-গ্যাস-বিদ্যুৎ সংগ্রাম পরিষদ’-এর ব্যানারে বিক্ষোভকারীরা এই আন্দোলনে নামে। ১০ দফা দাবি আদায়ের জন্য তারা বিভিন্ন ধরনের শ্লোগানও দেন।

ঢাকা মহানগর পুলিশের উপ - কমিশনার মাহবুব আলম বিডিনিউজ২৪.কমকে বলেন, বিক্ষোভের কারণে ঢাকার সাথে দেশের ১৭ টি রুটে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। শুধু তাই নয়, তারা বহু যানবাহন ভাংচুর ও বিভিন্ন স্থানে অগ্নি সংযোগও করে।

তিনি বলেন, এত কিছুর পরও পুলিশ বিক্ষোভকারীদের বিরুদ্ধে কোন অ্যাকশনে যায়নি।

কেরানীগঞ্জের মনু ব্যাপারীর ঢালে বৃহস্পতিবার ভোরে প্রায় ২০ হাজার বিক্ষুব্ধ মানুষ রাস্তায় নেমে আসে। র‌্যাবের একটি টহল গাড়িতেও তারা আগুন লাগিয়ে দেয়।

বিক্ষোভকারীরা বৃহস্পতিবার দুপুর ২ টা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখলে ঢাকা--দোহা এবং ঢাকা--নবাবগঞ্জ রুটে  যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

বিক্ষোভকারীরা মনু বেপারীর ঢাল এলাকায় পল্লী বিদ্যুাতায়ন বোর্ডের স্থানীয় কার্যালয় ঘেরাও করে। তারা নির্বাচনী প্রচারের জন্য ক্ষমতাসীন দল বিএনপি নির্মিত ১৫টি তোরণও ভাংচুর করে।

পুলিশ বিক্ষোভ চলাকালে ঘটনাস্থল থেকে কমপক্ষে পাঁচজনকে গ্রেপ্তার করেছে। একটানা ছয় ঘন্টা বিক্ষোভ চলার পর এলাকার পরিস্থিতি শান্ত হয়ে আসে।

নারায়ণগঞ্জে কয়েক হাজার বিক্ষুব্ধ লোক বুধবার মধ্যরাতে স্থানীয় বিদ্যুৎ অফিসে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে। এ ঘটনায় সাংবাদিক ও পুলিশসহ আহত হয় কমপক্ষে ১০ জন ।

শহরের মন্ডলপাড়ায় অবস্থিত ডেসার ৩৩/১১ কেভি সাবস্টেশন দৈনিক ১৭ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করতে সক্ষম হলেও বুধবার সন্ধ্যার পর থেকে সাত মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করে। কিন্তু রাত ১১টা থেকে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে গেলে লোকজন উত্তেজিত হয়ে সাবস্টেশনের দরজা ভেঙ্গে ভিতরে ঢুকে কন্ট্রোল অফিস ভাংচুর করে। এ সময় তারা অফিসের পাশে অবস্থিত পৌরসভার গ্যারেজের দরজাও ভেঙ্গে ফেলে। এক পর্যায়ে বিক্ষুব্ধ লোকজনের সাথে পুলিশ ও র‌্যাবের ধাওয়া - পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

নারায়ণগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এহসান চৌধুরীর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহতদের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

বিডিনিউজ সাতক্ষীরা প্রতিনিধি জানান, সকাল থেকে হাজার হাজার লোক স্থানীয় পল্লী বিদ্যুতের স্থানীয় অফিসে হামলা চালায়। উত্তেজিত জনতা অফিসের প্রয়োজনীয় জিনিসপত্র ভাংচুর করে।

পল্লী বিদ্যুত অফিসের ডিজিএম মাহবুব আলী জানান, এ অফিসের আওতায় ৩১ হাজার গ্রাহক রয়েছে। বিদ্যুতের চাহিদা ১২ মেগাওয়াট। কিন্তু তারা সরবরাহ করছেন মাত্র ২ মেগাওয়াট।

বিডিনিউজ কিশোরগঞ্জ প্রতিনিধি জানান, জেলায় বুধবার রাতে স্থানীয় পল্লী বিদ্যুত অফিসে হামলা চালায় স্থানীয় জনতা।

গাজীপুর প্রতিনিধি জানান, বিদ্যুৎ সংকটের প্রতিবাদে বুধবার রাত ১২ টার দিকে শত শত মুসল্লী শহরের নলজানিতে পল্লী বিদ্যুৎ কার্যালয়ে হামলা চালিয়ে ভাংচুর করে।

একই সময়ে বিক্ষুব্ধ জনতা কালীগঞ্জে পল্লী বিদ্যুৎ কার্যালয়েও হামলা চালিয়ে দুটি মোটরসাইকেল ভাংচুর করে।

এ ব্যাপারে পল্লী বিদ্যুৎ বোর্ডের এজিএম মো. ইউসুফ আলী বলেন, গাজীপুরে প্রতিদিন বিদ্যুতের চাহিদা ১২০ মেগাওয়াট। কিন্তু সরবরাহ পাওয়া যাচ্ছে মাত্র ৪৫-৫০ মেগাওয়াট।