২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুত নিয়ে আলোচনার সুযোগ না দেয়ায় আ. লীগের ওয়াকআউট, বিস্তারিত

দিনের কার্যসূচি স্থগিত করে বিদ্যুত সংকট নিয়ে আলোচনা করার সুযোগ না দেওয়ায় প্রধান বিরোধী দল আওয়ামী লীগের সাংসদরা বৃহস্পতিবার সংসদ থেকে ওয়াকআউট করেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2006, 04:16 PM

Updated : 26 Apr 2022, 03:57 PM

বিরোধী দলের সাংসদরা বিদ্যুত সংকট এবং নিরবচ্ছিন্ন বিদ্যুত সরবরাহের দাবিতে রাজপথে মানুষের বিক্ষোভ প্রদর্শনের বিষয়ে বৈঠকে আলোচনার দাবি জানালে স্পিকার মুহম্মদ জমিরউদ্দিন সরকার তা অগ্রাহ্য করেন।

স্পিকারের সিদ্ধান্তে বিক্ষুব্ধ বিরোধী সাংসদরা আবদুর রাজ্জাক ও সুরঞ্জিত সেনগুপ্তের নেতৃত্বে ওয়াকআউট করেন।

প্রশ্নোত্তর পর্ব শেষে জিরো আওয়ারে অনির্ধারিত বক্তব্যের শুরুতেই আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য সাংসদ আবদুর রাজ্জাক বিদ্যুত সংকট ও বিদ্যুতের দাবিতে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মানুষের রাজপথে বিক্ষোভ ও প্রতিবাদের বিষয়টি উত্থাপণ করে এ বিষয়ে সংসদে আলোচনার দাবি জানান।

তিনি বলেন, পবিত্র রমজান মাসেও বিদ্যুত না পেয়ে মানুষ নিরবচ্ছিন্ন বিদ্যুত সরবরাহের দাবিতে ঢাকাসহ বিভিন্ন স্থানে রাজপথে নেমেছে।

তিনি বলেন, পবিত্র রমজান মাসেও মানুষ বিদ্যুতের অভাবে ঠিকমতো রোজা রাখতে পারছে না। কিন্তু সরকারের কোন মন্ত্রী বিদ্যুত সংকট নিরসনে কোন কার্যকর সমাধানের প্রস্তাব নিয়ে এগিয়ে আসছেন না। এর আগে বিদ্যুত প্রতিমন্ত্রী নিজেই ওই মন্ত্রণালয়ে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ স্বীকার করেছেন।

তিনি দুর্নীতির সাথে জড়িতদের চিহ্নিত করার দাবি জানিয়ে বলেন, দেশের মানুষকে অবশ্যই অন্ধকারে রাখা উচিত নয়। তাই দুর্নীতির সাথে জড়িতদের চিহ্নিত করতে হবে।

সুরঞ্জিত সেনগুপ্ত পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বলেন, ঢাকার সায়েদাবাদ, তেজগাঁও, মিরপুর, শনির আখড়া ও সিলেটের বিভিন্ন স্থানে মানুষ বিদ্যুতের দাবিতে রাজপথে নেমেছে। বিক্ষুব্ধ মানুষ সেখানে যানবাহন ভাংচুর ও বিভিন্ন সরকারি অফিসে অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটাচ্ছে।

তিনি বলেন, সরকারের উচিত দেশের মানুষকে বিদ্যুত পরিস্থিতি সম্পর্কে সঠিক তথ্য দেওয়া। এ ব্যাপারে সংসদের নির্ধারিত কার্যসূচি স্থগিত করে বিদ্যুত নিয়ে আলোচনা হোক এবং আমরা এ ব্যাপারে সরকারের মন্ত্রী ও উপদেষ্টাদের বক্তব্য জানতে চাই।

তিনি বলেন, এ ব্যাপারে যদি সংসদে আলোচনা না হয়, তবে আমরা ওয়াকআউট করবো।

স্পিকার তাদের দাবি নাকচ করে দিলে আওয়ামী লীগ ১২টা ২২ মিনিটে ওয়াকআউট করে।

বিরোধী দলের দাবির মুখেও সরকারের কোন মন্ত্রী বা প্রধানমন্ত্রীর সংসদ বিষয়ক উপদেষ্টার পক্ষ থেকে এসব প্রশ্নের কোন জবাব দেয়া হয়নি।